লন্ডন, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাজ্যের রাণীর সিংহাসন আরোহনের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে বিখ্যাত বিগ বেন ঘড়ির টাওয়ারের নাম পাল্টে এলিজাবেথ টাওয়ার রাখা হচ্ছে।
ভুবনবিখ্যাত বিগ বেনের খ্যাতির সঙ্গে শুধুমাত্র প্যারিসের আইফেল টাওয়ার আর নিউ ইয়র্কের স্ট্যাচু অব লিবার্টিরই তুলনা চলে।
চলতি মাসের শুরুর দিকে চারদিন ব্যাপী ৮৬ বছর বয়সী রাণী এলিজাবেথের হীরকজয়ন্তী উদযাপন করে যুক্তরাজ্য। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিগ বেনের নাম পাল্টে এলিজাবেথ টাওয়ার রাখার ঘোষণা দেওয়া হয়।
অফিসিয়ালি যুক্তরাজ্যের হাউস অব পার্লামেন্টের অংশ বিগ বেনের নাম দ্য ক্লক টাওয়ার। কিন্তু এটি বিগ বেন নামেই সুপরিচিত।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, দ্য ক্লক টাওয়ারের নাম পরিবর্তন করে এলিজাবেথ টাওয়ার রাখার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ‘একজন ব্যতিক্রম রাণীর জন্য এ এক ব্যতিক্রম শ্রদ্ধা।’
তবে এ ব্যাপারে জনসাধারণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। রুমানিয়ার পর্যটক মারা কিওরটেসকু বলেন, ‘বিগ বেন অনেক পুরনো কিংবদন্তীর মতো। কোন বিবেচনায় এর নাম পরিবর্তন করা হচ্ছে? বিশ্বের মানুষ বুঝবে না, এলিজাবেথ টাওয়ার কী।’
ব্যাংক কর্মকর্তা রিচার্ড লাবোনতে বলেন, ‘এটি বাজে পরিকল্পনা নয়। এই টাওয়ারের জন্য বেন একটি অদ্ভুত নাম। যাই হোক, রাণীর নামে নামকরণ যথার্থ, তিনি এর যোগ্য।’
৯৬ মিটার উঁচু এই টাওয়ারটি নিও গথিক শৈলীতে নির্মিত। এর চারদিকে চারটি ঘড়ি রয়েছে। ১৮৫৯ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। টাওয়ারটির শীর্ষে উঠতে সিঁড়ির ৩৯৩ টি ধাপ অতিক্রম করতে হয়। লন্ডনের কেন্দ্রে টেমস নদীর তীরে এটি অবস্থিত।
বিগ বেনের নাম পরিবর্তনের প্রস্তাবটি করেন কনজারভেটিভ পার্টির আইনপ্রণেতা তবিয়াস এলউড। তার এই প্রস্তাব পার্লামেন্টারি কর্তৃপক্ষ গ্রহণ করেন।
তবে অ্যা ইউগভ-এর এক জরিপে দেখা গেছে যুক্তরাজ্যের প্রায় অর্ধেক নাগরিক নাম বিগ বেনের নাম পরিবর্তনের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে। মাত্র ৩০ ভাগ নাগরিক এটি সমর্থন করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৯৩৬ ঘ.
bdnews24