ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিমান দুর্ঘটনায় ভারতের জাতীয়তাবাদী নেতা ও আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা নেতাজী সুভাস চন্দ্র বোসের মৃত্যু প্রমাণের চেষ্টা নিয়ে তার অন্তর্ধান রহস্য আড়াল করতে চেয়েছিলেন কংগ্রেস নেতা প্রণব মুখার্জি।
শিগগিরই প্রকাশিতব্য ‘ইন্ডিয়াস বিগেস্ট কভার আপ’ শীর্ষক একটি বইয়ে এমন দাবি করা হয়েছে বলে জানিয়েছে ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’। বইটি লিখেছেন সাবেক সাংবাদিক অনুজ ধর। আসছে জুলাইয়ে এ বই প্রকাশিত হবে।
অনুজ ধর তার বইয়ে সুভাস বোসের অন্তর্ধানের ঘটনা নিয়ে প্রচারিত সরকারি ভাষ্য বাতিল করেছেন। ভারতীয় সরকারের ঘোষণা অনুযায়ী, ১৯৪৫ সালে তাইওয়ানে এক বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়।
বইয়ে অনুজ ধর লিখেছেন, সাক্ষ্য-প্রমাণে বিমান দুর্ঘটনার তত্ত্ব বাতিল হওয়ার মতো যথেষ্ট তথ্য-প্রমাণ থাকলেও সেই সময়ের ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি ‘বিমান দুর্ঘটনা’র পক্ষে সমর্থন যুগিয়ে যান।
বিমান দুর্ঘটনায় নেতাজীর মৃত্যু প্রমাণের জন্য প্রণব বাড়তি কিছু প্রসঙ্গেরও অবতারণা করেন বলে বইয়ে অভিযোগ করেছেন অনুজ।
সদ্যই সাবেক হওয়া ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি ভারতের পরবর্তী প্রেসিডেন্ট পদে কংগ্রেস নেতৃত্বাধীন ক্ষমতাসীন ইউপিএ জোটের প্রার্থী।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারতীয় কর্তৃপক্ষের প্রকাশিত গোপন নথি ও অন্যান্য নথির ভিত্তিতে বইটি লিখেছেন অনুজ ধর। এ নথিগুলো নেতাজীর অন্তর্ধানের পর থেকে টানা ৬৫ বছর গোপন রাখা হয়েছিল।
১৯৯৬ সালে ঘটা এক ঘটনার সূত্র ধরে ধর জানান, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রণালয়ের সেই সময়ের যুগ্মসচিব এক গোপনীয় এক চিরকুটে সুভাস চন্দ্র বোসের ঘটনাটি নিয়ে রাশিয়ার সঙ্গে যৌথ অনুসন্ধান চালানোর পরামর্শ দেন।
তিনি ভারতীয় কর্তৃপক্ষকে রুশ ফেডারেশন কর্তৃপক্ষের মাধ্যমে সোভিয়েত আমলের গোয়েন্দা সংস্থা কেজিবি’র আর্কাইভে অনুসন্ধান চালানোর জন্য বলেন।
নিজ বইয়ে অনুজ দাবি করেন, প্রণব মুখার্জি চিরকুটটি দেখার পর পররাষ্ট্র সচিব সালামান হায়দারকে ওই যুগ্ম সচিবের সঙ্গে কথা বলার নির্দেশ দেন। সালামন হায়দায়ের সঙ্গে কথা বলার পর যুগ্মসচিব রাশিয়ার সঙ্গে যৌথ অনুসন্ধানের কথা ভুলে যান।
“তাইওয়ানে বোসের মৃত্যু হয়েছে ভারতে এ তত্ত্বের সবচেয়ে বড় সমর্থক প্রণব মুখার্জি,” লিখেছেন অনুজ।
অনুজ ধর বিশ্বাস করেন, ১৯৪৫ সালে তাইওয়ানে বিমান দুর্ঘটনার পরও সুভাস বোস বেঁচে ছিলেন। ওই ঘটনার পর তিনি সম্ভবত রাশিয়ায় ছিলেন। ১৯৪৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত এ বিষয়ে রুশ কর্তৃপক্ষকে কোনো কিছু জিজ্ঞেস করার বিষয়ে ভারতীয় সরকার বরাবর উদাসীন থাকে।
সুভাস বোসের অন্তর্ধান নিয়ে অনুজের ধারণার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “কিছু তথ্যপ্রমাণে এমন আভাস পাওয়া যায় সুভাস বোসের মৃত্যু হয়েছে উত্তর প্রদেশের ফাইজাবাদে। ”
তবে এ বিষয়ে গোয়েন্দা সংস্থার কাছে যে সব তথ্যপ্রমাণ আছে সরকার তা প্রকাশ করলেই কেবল বিষয়টি সম্পর্কে পরিষ্কার হওয়া যাবে বলে দাবি করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/২১৪৬ঘ.
bdnews24