২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুর্কি বিমান নিয়ে নেটোকে সিরিয়ার হুঁশিয়ারি

তুরস্কের জঙ্গি বিমান ভূপাতিত করার জবাবে কোনো ব্যবস্থা নেওয়ার বিরুদ্ধে আঙ্কারা এবং নেটো জোটকে সোমবার হুঁশিয়ার করেছে সিরিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2012, 04:02 PM

Updated : 24 Aug 2022, 11:36 AM

বৈরুত, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তুরস্কের জঙ্গি বিমান ভূপাতিত করার জবাবে কোনো ব্যবস্থা নেওয়ার বিরুদ্ধে আঙ্কারা এবং নেটো জোটকে সোমবার হুঁশিয়ার করেছে সিরিয়া। তুর্কি বিমানটি প্রতিরক্ষার খাতিরেই গুলি করে বিধ্বস্ত করা হয়েছে বলে দাবি করেছে দামেস্ক। সিরিয়ার দাবি, এফ-৪ ফ্যান্টম জঙ্গি বিমান তাদের আকাশসীমায় ঢুকে পড়েছিল। কিন্তু তুরস্ক বলছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় তা আন্তর্জাতিক আকাশসীমায় ছিল। ফলে বিষয়টির একটি হেস্তনেস্ত করতে তুরস্ক নেটো সদস্যদেশগুলোর বৈঠক ডেকেছে। সিরিয়ার বিরুদ্ধে করণীয় নিয়ে বৈঠকে আলোচনা করবে তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী উভয়ই এর আগে বিমান বিধ্বস্তের ঘটনাটিকে উড়িয়ে দেওয়া যায় না মন্তব্য করে জানিয়েছেন, এর বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া উচিত তা নেওয়া হবে। এর পরপরই তুরস্ক নেটো বৈঠক আহ্বান করে। আর এর প্রেক্ষিতেই তুরস্ক এবং নেটোকে সতর্ক করল সিরিয়া। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র জিহাদ মাকদিসি দামেস্কে এক সংবাদ সম্মেলনে বলেছেন, নেটো সদস্যদেশগুলোকে একাট্টা করার চেষ্টা চালাবে। সিরিয়ার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার কারণে যদি তারা বৈঠক করে তাহলে (তাদের জেনে রাখা প্রয়োজন যে) সিরিয়া তাদের ভূমির পবিত্রতা রক্ষা করবে। তুরস্কের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষায় প্রতিশ্র“তিব্ধ হওয়ার পরও সিরিয়া তুর্কি বিমান ভূপাতিত করা নিয়ে যে দাবি করেছে তাতে ক্ষুব্ধ আঙ্কারা। তবে ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা তুরস্ককে শান্ত থেকে বিষয়টি সামাল দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিমান ভূপাতিত করার জবাবে এখনই সিরিয়ার বিরুদ্ধে সামরিক কোনো ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছেন না ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীরা। তবে তারা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ওপর চাপ বাড়াবেন বলে জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৫৯ঘ