২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহাশূন্যে চীনের সফল ম্যানুয়াল ডকিং

মহাকাশে মানুষের সাহায্যে প্রথম সফলভাবে মডিউল সংযোগ (ম্যানুয়াল ডকিং) করেছে চীন। মহাশূন্যে আগেই পাঠানো ল্যাব মডিউল তিয়াংগং এর সঙ্গে সম্প্রতি পাঠানো নভোযান শেনঝু-৯ কে রোববার জোড়া লাগানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2012, 12:17 PM

Updated : 24 Aug 2022, 11:36 AM

সাংহাই, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মহাকাশে মানুষের সাহায্যে প্রথম সফলভাবে মডিউল সংযোগ (ম্যানুয়াল ডকিং) করেছে চীন। মহাশূন্যে আগেই পাঠানো ল্যাব মডিউল তিয়াংগং এর সঙ্গে সম্প্রতি পাঠানো নভোযান শেনঝু-৯ কে রোববার জোড়া লাগানো হয়েছে। স্বয়ংক্রিয় পদ্ধতির সাহায্য ছাড়াই সফলভাবে মডিউল সংযোগ করেছেন শেনঝু-৯ এর নভোচারীরা। তিয়াংগং-১ মডিউল এর ৪০০ মিটার দূর থেকে এসে এতে ভিড়েছে শেনঝু-৯। এর আগে ১৮ জুনে শেনঝু-৯ কে তিয়াংগং-১ এর সঙ্গে স্বয়ংক্রিয় পদ্ধতিতে জোড়া লাগানো হয়েছিলো। স্বয়ংক্রিয় ব্যবস্থা কোনো কারণে অকার্যকর হয়ে পড়লে সাধারণত ডকিং এর কাজটি ম্যানুয়ালি করা হয়। কক্ষপথে তীব্র গতির দুটি মহাকাশযানের মধ্যে সংযোগ স্থাপনের এ কাজটি খুবই কঠিন। আর তাই একাজে চীনের এ সফলতাকে মাইলফলক অগ্রগতি হিসাবেই দেখছেন বিশেষজ্ঞরা। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন ঘটনাটি সরাসরি স¤প্রচার করেছে। এর মধ্য দিয়ে চীনের মহাকাশ স্টেশন নির্মাণের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্য অনেকটা নাগালের মধ্যে চলে এল। ২০২০ সালের মধ্যে মহাকাশ স্টেশন নির্মাণের পরিকল্পনা রয়েছে চীনের। তিয়াংগংয়ে ছোট একটি বৈজ্ঞানিক পরীক্ষাগার স্থাপন করে নভোচারীরা এখন সেখানে পরীক্ষা-নিরীক্ষা চালাবেন। মোট ১৩ দিন চলবে এ অভিযান। শেনঝু-৯ মহাকাশযানে করে মহাশূন্যে গেছেন তিন নভোচারী। তারা হলেন জিং হাইপেং, লিউ ওয়াং এবং লিউ ইয়াং। এর মধ্যে চীনের ইতিহাসে প্রথমবারের মতো নারী নভোচারী হচ্ছেন লিউ ইয়াং। ১৩ দিনের অভিযানে ইয়াং এর কাজ হবে নভোযানে থাকা যন্ত্রপাতি নারীদের জন্য উপযুক্ত কিনা তা পরীক্ষা করে দেখা। মহাকাশে দীর্ঘদিনের জন্য নভোচারীদের অবস্থান করার লক্ষ্যে পরিপূর্ণ একটি স্পেস ল্যাব পরিচালনার জন্য চীনের কারিগরি দক্ষতা ও মনোবল যাচাইয়ে এ অভিযান খুবই গুরুত্বপূর্ণ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮১০ঘ