আসুনসিয়ন, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পার্লামেন্টে অভিশংসনের মধ্যে দিয়ে পদচ্যুত করা হয়েছে প্যারাগুয়ের বামপন্থী প্রেসিডেন্ট ফেরনান্দো লুগোকে। ভাইস প্রেসিডেন্ট ফেদরিকো ফ্রাঙ্কো নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
শুক্রবার ত্বরিত এ অভিসংশনের পরে জনগণের উদ্দেশ্যে এক ভাষণে একে ‘অভ্যুত্থানের সামিল’ বলে মন্তব্য করেছেন বিদায়ী প্রেসিডেন্ট লুগো। তবে এটি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
প্রেসিডেন্টের দায়িত্ব পালনের জন্য গির্জা ছেড়ে আসা সাবেক এ রোমান ক্যাথলিক বিশপের বিরুদ্ধে একটি জমি থেকে ক্ষুদ্র কৃষকদের উচ্ছেদের সময় সশস্ত্র সংঘর্ষ নিরসনে যথাযথ ব্যবস্থা না নেওয়ার অভিযোগ ওঠে। গত সপ্তাহে দেশের উত্তর-পূর্বাঞ্চলে এ সংঘর্ষে পুলিশ ও ক্ষুদ্র কৃষকসহ মোট ১৭ জন নিহত হয়।
পার্লামেন্টের নিম্নকক্ষে অভিসংশনের প্রস্তাব আনার একদিনের মধ্যে উচ্চকক্ষে অভিসংশিত হন লুগো। তার বিপক্ষে ৩৯টি ভোট পড়ে, পক্ষে পরে মাত্র চারটি।
নির্বাচনের সময় স্থলবেষ্টিত দেশটির দরিদ্র নাগরিকদের সুযোগ-সুবিধার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতির মধ্যে দিয়ে চার বছর আগে প্রেসিডেন্টের দায়িত্ব নেন লুগো। তবে পার্লামেন্টে বিরোধী দলের হস্তক্ষেপে অনেক পরিকল্পনাই বাস্তবায়ন করতে পারেনি তিনি।
জমি নিয়ে সংঘর্ষে ১৭ জন নিহত হওয়ার ঘটনায় তার পক্ষের রাজনৈতিক দলগুলোও বিপক্ষে চলে যায়।
মেয়াদ পূরণের এক বছর আগেই দায়িত্ব ছাড়তে বাধ্য হলেন লুগো। পরবর্তী একবছর দায়িত্ব চালিয়ে নেওয়ার জন্য লুগোর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও দেশটির ভাইস প্রেসিডেন্ট ফেদরিকো ফ্রাঙ্কো শপথ নিয়েছেন।
অভিসংশনের সময় আসুনসিয়নে কংগ্রেসের বাইরে লুগোর কয়েক হাজার সমর্থক উপস্থিত হন। তার পদত্যাগের খবর প্রকাশ হলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে পুলিশ।
লুগোর ত্বড়িৎগতির অভিসংশনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে প্রতিবেশী দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা। নতুন প্রেসিডেন্ট ফ্রাঙ্কোর সরকারকে স্বীকৃতি না দেওয়ার ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা, ভেনেজুয়েলা, বলিভিয়া ও ইকুয়েডর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এবি/১৪৩৬ ঘ.
bdnews24