বৈরুত, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরীয় সেনাদের গোলায় একটি তুর্কি জঙ্গি বিমান ভূমধ্যসাগরে বিধ্বস্ত হওয়ার পর ১৬ মাস ধরে চলতে থাকা সিরিয়া সংকট নতুন মাত্রা পেয়েছে।
সিরিয়ার সামরিক বাহিনীর দাবি, শুক্রবার ভূমধ্যসাগরের সিরীয় উপকূলে তাদের জলসীমায় অনেক নিচ দিয়ে উড়ে যাওয়ার সময় তুর্কি বিমানটিকে লক্ষ্য করে গোলা ছোড়া হয়।
বিমান বাহিনীর এফ-৪ মডেলের একটি ফ্যান্টম জঙ্গি বিমান বিধ্বস্ত এবং দুই বৈমানিক নিখোঁজ হওয়ার ঘটনা স্বীকার করে তুরস্ক সরকার এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। এ বিষয়ে ‘যথাযথ পদক্ষেপ’ নেওয়া হবে বলেও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে হুঁশিয়ার করেছে ন্যাটো জোটের দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনীর দেশ তুরস্ক।
ঘটনার পরপরই তুরস্কের প্রধানমন্ত্রী তাইপে এরদোগান তার দপ্তরে সেনাপ্রধান, প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, জাতীয় গোয়েন্দা দপ্তর প্রধান ও বিমানবাহিনী প্রধানের সঙ্গে জরুরি বৈঠকে বসেন।
বৈঠক শেষে এক বিবৃতিতে তুর্কি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, “আমাদের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সংগ্রহ করা তথ্য পর্যালোচনা করে এবং সিরিয়া ও তুরস্কের যৌথ তল্লাশী ও উদ্ধার তৎপরতা থেকে বোঝা গেছে, আমাদের বিমানটি সিরীয় হামলায় বিধ্বস্ত হয়েছে।”
“প্রকৃত ঘটনা কি ঘটেছে তা স্পষ্ট হলেই তুরস্ক এ বিষয়ে চূড়ান্ত প্রতিক্রিয়া জানাবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে”, বলেন তিনি।
বিমান বিধ্বস্তের ঘটনায় সিরিয়া ক্ষমা চেয়েছে বলে তুর্কি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে এরদোগান কোনো মন্তব্য করেননি।
এক বিবৃতিতে সিরীয় সেনাবাহিনী জানিয়েছে, “তুর্কি বিমানটি সিরীয় উপকূলের মাত্র এক কিলোমিটার দূরে অনেক নিচ দিয়ে উড়ে যাচ্ছিল। এ সময় বিমান-বিধ্বংসী কামানের গোলায় সেটি বিধ্বস্ত হয়। বিমানটি উপকূলীয় গ্রাম উম আল তোউইয়োর থেকে ১০ কিলোমিটার দূরে সিরীয় জলসীমায় বিধ্বস্ত হয়েছে।
“দুই দেশের নৌবাহিনীর মধ্যে যোগাযোগ হয়েছে। নিখোঁজ বৈমানিকদের খোঁজে তুরস্কের নৌবাহিনী ও সিরীয় নৌবাহিনীর জাহাজগুলো একসঙ্গে তল্লাশী অভিযান চালাচ্ছে।”
ভূমধ্যসাগরীয় উপকূলের প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, সকালে তারা দুটি জঙ্গি বিমানকে অনেক নিচ দিয়ে সিরীয় জলসীমার দিকে যেতে দেখেন, কিছুক্ষণ পর এর একটি ফিরে আসে।
মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যথেষ্ট আধুনিক, যা গড়ে তোলা হয়েছে রুশ প্রযুক্তি দিয়ে।
গত বছর মার্চে প্রেসিডেন্ট আসাদের বিরোধীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘাত শুরুর পর এ পর্যন্ত সিরিয়ায় অন্তত ১০ হাজার লোক নিহত হয়েছে। সেখানে শান্তি ফেরাতে জাতিসংঘের চেষ্টাও কোনো কাজে আসেনি।
সহিংসতা শুরুর পর থেকে ৩২ হাজারেরও বেশি সিরীয় নাগরিক প্রতিবেশী দেশ তুরস্কে আশ্রয় নিয়েছে। সিরিয়ার বিদ্রোহীরা তুরস্কে অবস্থান নিয়ে আসাদের বাহিনীর বিরুদ্ধে হামলা চালাচ্ছে বলেও অভিযোগ করে আসছে সিরিয়া সরকার।
অন্যদিকে তুরস্ক আগেই বলেছে, বাশার আল আসাদকে সরে যেতেই হবে।
শুক্রবার তুর্কি বিমান গুলি করে নামানোর পর সিরিয়া নতুন সঙ্কটে জড়াতে যাচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/জেকে/১১৪৬ ঘ.
bdnews24