ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎমন্ত্রী থাকাকালে ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র অনুমোদনে অনিয়মের বিস্তর অভিযোগ ছিল যে রাজা পারভেজ আশরাফের বিরুদ্ধে, তিনিই হতে চলেছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী।
শুক্রবার পার্লামেন্ট ক্ষমতাসীন পিপলস পার্টির প্রার্থী রাজা আশরাফকে ইউসুফ রাজা গিলানির উত্তরসূরি হিসেবে নির্বাচিত করে। শপথ নেওয়ার মধ্য দিয়ে দেশটির ২৫তম প্রধানমন্ত্রী হবেন তিনি।
রাওয়ালপিণ্ডির সংসদ সদস্য রাজা আশরাফকে সে দেশের অধিকাংশ মানুষ চেনে ‘রেন্টাল রাজা’ নামে। ২০০৮ সালের মার্চ থেকে ২০১১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে অনিয়ম তাকে এই নামে পরিচিত করেছে।
বিদ্যুৎ প্রকল্পের জন্য ঘুষ নেওয়ার জন্য রাজা আশরাফের বিরুদ্ধে বর্তমানে পাকিস্তানের সুপ্রিম কোর্টে মামলা চলছে। এই অভিযোগ ওঠার পর বিদ্যুৎমন্ত্রীর দায়িত্ব ছাড়তে হয় তাকে।
তবে পরে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ বিস্তৃত হলে তাকে তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
বিদ্যুৎ নিয়ে সমালোচিত হলেও প্রধানমন্ত্রী হিসেবে বিদ্যুৎ সঙ্কট অবসানে কাজ করার অঙ্গীকার করেছেন রাজা পারভেজ।
নির্বাচনে জয়ের পর তিনি বলেন, “আমাদের প্রধান কাজ হবে বিদ্যুৎ সঙ্কটের সমাধান করা। আশা করি, আমরা শিগগিরই একটা পথ বের করতে পারব।”
রাজা আশরাফকে পিপিপি মনোনয়ন দেওয়ার পরপরই এতে আপত্তি জানান বিরোধী নেতা নওয়াজ শরীফ ও ইমরান খান।
সাবেক প্রধানমন্ত্রী নওয়াজের ভাষ্য, রাজা আশরাফ ওই পদের যোগ্য নন। অন্যদিকে পশ্চিমা সংবাদ মাধ্যমের কাছে প্রধানমন্ত্রীর পদে যোগ্য মনে হওয়া ইমরান খানের মতে, রাজা আশরাফকে মনোনয়ন জনগণের সঙ্গে প্রতারণার শামিল।
রাজা পারভেজের জন্ম ১৯৫০ সালের ২৬ ডিসেম্বর সিন্ধু প্রদেশের সংহার এলাকায়। তিনি গুজার খান এলাকা থেকে দু’বার জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন।
জমিদার পরিবারে জন্ম নেওয়া আশরাফ ১৯৭০ সালে সিন্ধু বিশ্ববিদ্যালয় থেকে ¯œাতক ডিগ্রি লাভ করেন। পিপিপিতে যোগ দেওয়ার আগ পর্যন্ত জমিদারি দেখাশোনাই ছিল তার কাজ। রাজনীতিতে জড়ানোর ঠিক আগে বাসস্থান পরিবর্তন করে রাওয়ালপিণ্ডির গুজার খান এলাকায় চলে আসেন তিনি।
সুপ্রিম কোর্টের আদেশে গিলানিকে বিদায় নিতে হলেও তার উত্তরসূরি হিসেবে রাজা আশরাফের নাম প্রেসিডেন্ট আসিফ আলী খান জারদারির পছন্দের তালিকায় ওপরের দিকে ছিল না।
জারদারির তথা পিপিপির মনোনয়ন পেয়েছিলেন মখদুম শাহাবুদ্দিন। কিন্তু একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তার নাম কাটা পড়ে। আর এতেই সামনে চলে আসেন রাজা পারভেজ।
বলা যায়, শাহাবুদ্দিনের বিরুদ্ধে আদালতের তৎপরতা পথ খুলে দেয় রাজা পারভেজের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এমআই/২২২২ ঘ.
bdnews24