ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিঙ্গুরে কারখানা করার জন্য টাটা মটরসকে ইজারা দেওয়া জমি পুনরুদ্ধারে পশ্চিমবঙ্গের বিধানসভায় পাস করা আইনকে অসাংবিধানিক ঘোষণা করেছে কলকাতা হাই কোর্ট।
হাই কোর্টের একটি বেঞ্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকারের করা সিঙ্গুর ল্যান্ড রিহ্যাবিলিটেশন অ্যান্ড ডেভলেপমেন্ট অ্যাক্ট, ২০১১ বাতিল করে শুক্রবার এই রায় দেয়।
টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়, এর আগে গত বছর ২৮ সেপ্টেম্বর এ আইনকে বৈধতা দিয়েছিলেন হাই কোর্টের বিচারপতি আইপি মুখোপাধ্যায়ের বেঞ্চ। ওই আদেশের বিরুদ্ধে টাটা মটরস আপিল করলে বিচারপতি পিনাকি চন্দ্র ঘোষ ও মৃণাল কান্তি চৌধুরীর বেঞ্চকে বিষয়টি নিস্পত্তির দায়িত্ব দেওয়া হয়।
পশ্চিমবঙ্গে বামফ্রন্ট ক্ষমতায় থাকাকালে বিশ্বের সবচেয়ে কম দামি গাড়ি ‘ন্যানোর’ কারখানা করার জন্য টাটা মটরসকে সিঙ্গুরে ৯৯৭ একর জমি ইজারা দেওয়া হয়। এজন্য ১৩ হাজার মালিকের কাছ থেকে জমি অধিগ্রহণ করে সরকার।
তবে তাদের মধ্যে দুই হাজার কৃষক চারশ’ একর জমি দিতে অস্বীকার করে।
সেই সময় বিরোধী দলে থাকা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন টাটা মটরসকে ওই জমি ইজারা দেওয়ার বিরুদ্ধে জোরালো আন্দোলন গড়ে তোলেন। দুই হাজার কৃষককে জমি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
মমতার আন্দোলনের মুখে ২০০৮ সালের অক্টোবরে সিঙ্গুরে কারখানা স্থাপনের পরিকল্পনা বাদ দিয়ে গুজরাটে ন্যানো প্রকল্প শুরু করে টাটা।
২০১১ সালের মে মাসের নির্বাচনে বামফ্রন্টকে হারিয়ে মুখ্যমন্ত্রী হওয়ার পর সিঙ্গুর ল্যান্ড রিহাবিলিটেশন অ্যান্ড ডেভলেপমেন্ট অ্যাক্ট, ২০১১ পাস করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ আইনের আওতায় তিনি টাটার কাছ থেকে জমি ফিরিয়ে নেওয়ার ক্ষমতা লাভ করেন।
টাটা এর বিরুদ্ধে আদালতে গেলে গত সেপ্টেম্বরে হাই কোর্টের বিচারপতি আই পি মুখোপাধ্যায় মমতার করা আইনকে বৈধতা দেন। কিন্তু তাতে না দমে ফের আপিল করে টাটা মটরস।
তাদের দাবি, সিঙ্গুরে কারখানা করার জন্য তারা দেড় হাজার কোটি রুপি বিনিয়োগ করেছে। এখন ওই অর্থ ফেরতও চাইছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/১৪২৫ ঘ.
bdnews24