কাবুল, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের রাজধানী কাবুলের উপকণ্ঠে একটি হোটেলে তালেবান জঙ্গিদের ১২ ঘণ্টার অবরোধের অবসান ঘটেছে। সংঘর্ষে নিহত হয়েছে অন্তত ২০ জন।
বন্দুকধারী তালেবানরা বৃহস্পতিবার মধ্যরাতের পরপরই লেক কারগা এলাকায় পোঝমাই হোটেলে অবরোধ করে বহু মানুষকে জিম্মি করে। এ সময় নিরাপত্তাবাহিনীর সদস্যদের সঙ্গে তাদের রক্তক্ষয়ী সংঘর্ষও হয়েছে । এ সময় জঙ্গিরা রকেট চালিত গ্রেনেড ও ভারী মেশিনগান ব্যবহার করে।
হোটেলটিতে হামলার সময় ৩শ মানুষ ছিল। তাদের অনেকেই ভয়ে লেকে ঝাঁপিয়ে পড়ে।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেদিক সিদ্দিকি বলেন, সংঘর্ষে হোটেলের তিন রক্ষী ও একজন পুলিশসহ ১২ থেকে ১৫ জন সাধারণ মানুষ নিহত হয়েছে। জঙ্গি নিহত হয়েছে ৫ জন।
হোটেলটিতে শিশু ও নারীসহ বহু বেসামরিক নাগরিককে জঙ্গিরা জিম্মি করে এবং পরে ১৮ জনকে মুক্তি দেয় বলে জানায় বিবিসি।
তালেবানরা হামলার দায় স্বীকার করেছে । বার্তা সংস্থা রয়টার্স জানায়, ধনী আফগান ও বিদেশিরা হোটেলটিতে ‘বেপরোয়া পার্টি’র আয়োজন করত, সেকারণেই তালেবানরা হোটেলটিতে চড়াও হয়।
বিয়ে অথবা পিকনিক উপলক্ষে অনেক মানুষ হোটেলটিতে জড়ো হয়েছিল বলে জানিয়েছেন কাবুল পুলিশের উপপ্রধান দাউদ আমিন।
তিনি বলেন, “পুর্লিশ হোটেলটি ঘিরে রেখেছে।” জঙ্গিদের সঙ্গে লড়তে আফগান নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা দিয়েছে ন্যাটো বাহিনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৩২২ ঘ.
bdnews24