লন্ডন, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি বৃহস্পতিবার যুক্তরাজ্যে পার্লামেন্টের উভয় কক্ষে ভাষণ দিয়েছেন।
প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের আহ্বানে পার্লামেন্টে সম্মানসূচক এ ভাষণ দেওয়ার সুযোগ পেয়েছেন তিনি।
ভাষণে এমপিদের উদ্দেশে তিনি বলেন, যুক্তরাজ্যের জনগণের সমর্থন মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠায় সহায়ক হবে।
সু চি বলেন, মিয়ানমারে জনগণের ক্ষমতায়ন হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় এবং এই মুহুর্তে তার দেশ সবচেয়ে কঠিন সময় পার করছে।
তিনি বলেন, “আজ আমার দেশ সামনে যাত্রা শুরুর জন্য দাঁড়িয়ে আছে, আমি আশা করি, আমরা একটা সোনালী ভবিষ্যত পাব। এ যাত্রায় অনেক পাহাড়-পর্বত ডিঙাতে হবে, অনেক সাগর-নদী পেরুতে হবে, সব বাধা-বিঘœ গুঁড়িয়ে দিতে হবে।”
ত্রিশ মিনিটের ওই ভাষণে তিনি আরো বলেছেন, “আমাদের নিজেদের লক্ষ্য আমাদের অনেক দূর নিয়ে যেতে পারে। ব্রিটেনের জনগণের সমর্থন এবং পৃথিবী জুড়ে সব মানুষের সমর্থন আমাদের আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।”
১৯৮৮ সালের পর এই প্রথম ইউরোপ সফর করছেন সুচি। দুই সপ্তাহের এ সফরে যুক্তরাজ্য ছাড়াও ইতোমধ্যে তিনি সুইজারল্যান্ড ও নরওয়ে সফর করেছেন। এরপর ফ্রান্সে যাওয়ার কর্মসূচি রয়েছে তার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২০৩ঘ.
bdnews24