জাকার্তা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অস্ট্রেলিয়ার ক্রিস্টমাস দ্বীপ থেকে ১২০ নটিক্যাল মাইল উত্তরে ইন্দোনেশিয়ার জলসীমায় বৃহস্পতিবার প্রায় ২০০ শরণার্থী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। এদের মধ্যে অনেকেই মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
অস্ট্রেলিয়ার পুলিশ জানিয়েছে, উল্টে যাওয়া নৌকার পিঠে প্রায় ৪০ জন দাঁড়িয়ে আছে।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান পুলিশ কমিশনার কার্ল ও’কলাঘান স্থানীয় টেলিভিশনে বলেছেন, “বিমান থেকে শুনে আমরা যতটা জেনেছি, ওই নৌকায় ২০০ টি লাইফ জ্যাকেট ছিল না।”
এ দুর্ঘটনায় কমপক্ষে ৭৫ মারা যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা’র (বাসারনাস) মুখপাত্র গাগাহ প্রাকোসো রয়টার্সকে বলেছেন, “ ইন্দোনেশিয়ার নৌ বাহিনীর একটি জাহাজ সেখানে যাওয়ার জন্য পথিমধ্যে রয়েছে।”
ইন্দোনেশিয়ার জলসীমায় ডুবলেও অস্ট্রেলিয়ার সামুদ্রিক নিরাপত্তা কর্তৃপক্ষও তাদের সহায়তার আহ্বান জানিয়েছে।
শরণার্থীরা অস্ট্রেলিয়ার ক্রিস্টমাস দ্বীপে আশ্রয়ের উদ্দেশে ইন্দোনেশিয়া থেকে প্রায়ই ঝুঁকিপূর্ণ ও অতিরিক্ত আরোহী বোঝাই নৌকায় করে সমুদ্রে পাড়ি জমায়।
২০১০ সালের ডিসেম্বরে ইন্দোনেশিয়া থেকে ক্রিস্টমাস দ্বীপে যাওয়ার সময় ঝড়ের কবলে পড়ে নৌকাডুবিতে ৫০ জন আশ্রয়প্রার্থীর সবাই প্রাণ হারিয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮৪২ঘ.
bdnews24