ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীনের সিংঘাই প্রদেশে গায়ে আগুন ধরিয়ে আত্মহুতি দিয়েছে এক তিব্বতি। এ ঘটনায় আরেকজন গুরুতর আহত হয়েছেন।
চীনা গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে বিবিসি এই খবর জানায়।
চীনের শাসনের বিরোধিতা করে গত এক বছরে ৩৫ জনেরও বেশি তিব্বতি গায়ে আগুন ধরিয়ে প্রতিবাদ জানায়। এর মধ্যে অনেকের মৃত্যুও হয়েছে। চীনের গণমাধ্যমে এ ঘটনাগুলোর কিছু কিছু প্রকাশিত হলেও ওই অঞ্চলে বিদেশি গণমাধ্যমের প্রবেশ নিষিদ্ধ হওয়ায় বিষয়টি নিরপেক্ষভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্বাধীন তিব্বতের দাবিতে আন্দোলনরত কর্মীরা জানান, বৃহস্পতিবার আত্মহুতির উদ্দেশ্যে গায়ে আগুন দেয়া দুইজনের বয়স বিশের কোটায়। গায়ে আগুন ধরানোর সময় তাদের হাতে তিব্বতের স্বাধীনতার পতাকা ছিল বলেও তারা জানায়।
আত্মহুতি দেয়া বেশির ভাগই তিব্বতের বাইরে বসবাসকারী তিব্বতিদের মধ্যে হয়েছে। তবে গতমাসে তিব্বতের রাজধানী লাসায় জোখাং মন্দিরের বাইরে দুইজন গায়ে আগুন ধরিয়ে আত্মহুতি দিয়ে প্রতিবাদ জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৩০৭ ঘ.
bdnews24