২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুমানিয়ার সাবেক প্রধানমন্ত্রীর আত্মহত্যার চেষ্টা

রুমানিয়ার সাবেক প্রধানমন্ত্রী আদ্রিয়ান নাসটাসে বুধবার নিজের শরীরে গুলি চালালেও প্রাণে বেঁচে গেছেন। এ ঘটনাকে আত্মহত্যার চেষ্টা বলে মনে করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2012, 06:38 AM

Updated : 24 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রুমানিয়ার সাবেক প্রধানমন্ত্রী আদ্রিয়ান নাসটাসে বুধবার নিজের শরীরে গুলি চালালেও প্রাণে বেঁচে গেছেন। এ ঘটনাকে আত্মহত্যার চেষ্টা বলে মনে করা হচ্ছে। এনডিটিভির এক খবরে বলা হয়, দুর্নীতির অভিযোগে দেশটির সর্বোচ্চ আদালত তার দু’বছরের কারাদণ্ড অব্যাহত রাখার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর এমন ঘটনা ঘটেছে বলে বর্তমান প্রধানমন্ত্রী ভিক্টর পোন্টা জানিয়েছেন। হাসপাতালে আদ্রিয়ানের সঙ্গে সাক্ষাৎ করে ভিক্টর জানান, তার অবস্থা ‘নিয়ন্ত্রণে’ রয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর আঘাতের বিষয়ে তিনি অবশ্য বিস্তারিত কিছু জানাননি। এদিকে কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার করতে পুলিশ তার বাড়িতে গেলে আদ্রিয়ান গুলি চালান। আর গুলিটা তার গলায় লাগে। হাসপাতালের চিকিৎসক সার্বান ব্রাদিসতেয়ানু জানান, অবস্থা স্থিতিশীল হওয়ার পর বৃহস্পতিবার আদ্রিয়ানের অস্ত্রোপচার করা হতে পারে। আর তিনি কথা বলতে পারবেন তবে সমস্যা হবে। জাতীয় সংবাদ সংস্থা আগারপ্রেস জানায়, সাবেক প্রধানমন্ত্রীর আত্মহত্যার চেষ্টা বিষয়টি তদন্ত করে দেখছে জেনারেল প্রসিকিউটরের কার্যালয়। ২০০৪ সালে রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারাভিযানের জন্য অবৈধভাবে অর্থ সংগ্রহের অভিযোগে গত ৩০ মার্চ আদালত তাকে দোষী সাব্যস্ত করে। এ নির্বাচনে প্রেসিডেন্ট ট্রেইয়ান বাসেসকুর কাছে হেরে যান তিনি। আদালতের এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানান আদ্রিয়ান। তবে সুপ্রিম কোর্ট আগের রায় বহাল রাখার ঘোষণা দিয়েছে। এ সাজা কার্যকর হলে ১৯৮৯ সালে দেশটিতে কমিউনিজমের পতনের পর কারাভোগকারী আদ্রিয়ানই হবেন সবচেয়ে ঊর্ধ্বতন নেতা। ২০০০-২০০৪ সালে দেশের প্রধানমন্ত্রী ও ২০০০-২০০৫ সালে সোস্যাল ডেমোক্রেসি পার্টির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন আদ্রিয়ান। ১৯৯০-১৯৯২ সালে দেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি। এমনকি পার্লামেন্টের স্পিকারের দায়িত্বও পালন করেছেন আদ্রিয়ান। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ২০১১ সালের প্রতিবেদন অনুযায়ী, রুমানিয়া হলো ইউরোপীয় ইউনিয়নের দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২৩১ ঘ.