এথেন্স, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রিসে নতুন প্রধানমন্ত্রী হিসাবে বুধবার শপথ নিয়েছেন নিউ ডেমোক্র্যাসি পার্টির নেতা আন্তোনিস সামারাস।
রাজনৈতিক দলগুলো নতুন জোট সরকার গঠনে চুক্তিতে পৌঁছার পরপরই তিনি শপথ নিলেন। বিবিসি এ খবর জানিয়েছে।
রাজধানী এথেন্সে আনুষ্ঠনিকভাবে শপথ নেওয়ার পরই সামারস দেশের জনগণকে সঙ্কট থেকে বের করে আনার জন্য যথাসাধ্য চেষ্টা করার প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, আগামী কাল সবাইকে নতুন সরকার গঠনের অনুরোধ জানাব। জনগণকে আশার আলো দিতে আমরা কঠোর পরিশ্রম করব।
গত ৬ মে গ্রিসে পার্লামেন্ট নির্বাচনের পর কোনো দলই সরকার গঠন করতে পারেনি। এরপর এ মাসে আরেকটি পার্লামেন্ট নির্বাচনের মধ্য দিয়ে দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে শেষ পর্যন্ত সরকার গঠন করতে চলেছে দেশটি।
ডানপন্থি নিউ ডেমোক্র্যাসি, সোশ্যালিস্ট পাসোক পার্টিসহ ছোট দল ডেমোক্র্যাটিক লেফট জোট সরকার গঠনে চুক্তিবদ্ধ হয়েছে।
পাসোক পার্টির নেতা ইভানজেলোস ভেনিজেলোস নিউ ডেমোক্র্যাসির নেতা আন্তোনিস সামারাসে’র সঙ্গে এক বৈঠক শেষে একথা জানান।
চুক্তিটি চূড়ান্ত করতে প্রেসিডেন্ট কারোলোস পাপৌলিয়াসের সঙ্গেও বৈঠক করেছেন সামারস। বৃহস্পতিবার মন্ত্রিসভা গঠন হবে।
এ বছর গ্রিসের অর্থনৈতিক মন্দা পঞ্চম বছরে পৌঁছেছে। নতুন জোট সরকার ইইউ-আইএমএফ’র দেওয়া ঋণ সহায়তা প্যাকেজের (বেইলআউট) জন্য বেঁধে দেওয়া কঠিন শর্তগুলো অনেকটা সহজ করার চেষ্টা করবেন বলে আশা করা হচ্ছে।
বেইলআউট চুক্তি নিয়ে নতুন করে আলাপ আলোচনার মধ্য দিয়ে গ্রিসকে সঙ্কট থেকে বের করে আনার চেষ্টা নেবে নতুন সরকার।
ভেনিজেলোস জানিয়েছেন, লুক্সেমবার্গে বৃহস্পতিবার অনুষ্ঠেয় ইউরোজোন অর্থমন্ত্রীদের বৈঠকে গ্রিসের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্র হংশ্লিষ্ট অর্থমন্ত্রী জর্জেস জেনিয়াস।
ডেমোক্র্যাটিক লেফট পার্টির নেতা ফোটিস কৌভেলিস বলেছেন, “আমরা সরকারকে আস্থা ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০০৬ঘ.
bdnews24