২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইকুয়েডরের সিদ্ধান্তের অপেক্ষায় অ্যাসাঞ্জ

ইকুয়েডরে আশ্রয় প্রার্থী উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিষয়ে বৃহস্পতিবার সিদ্ধান্ত জানাবে দেশটির সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2012, 04:09 AM

Updated : 24 Aug 2022, 11:35 AM

লন্ডন, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইকুয়েডরে আশ্রয় প্রার্থী উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিষয়ে বৃহস্পতিবার সিদ্ধান্ত জানাবে দেশটির সরকার। বুধবার দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী মার্কো আলবুজা জানান, বৃহস্পতিবার প্রেসিডেন্ট তার রায় জানাবেন। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে তিনি বলেন, “জাতীয় সরকার তার অবস্থান বিবেচনা করছে এবং আগামীকাল প্রেসিডেন্ট আমাদেরকে তার নির্দেশ জানাবেন।” ইকুয়েডর জানায়, অ্যাসাঞ্জের এ আবেদনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের আগে যুক্তরাজ্য, সুইডেন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে পরামর্শ করা হবে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিটিশ সরকারের প্রতিনিধিরা দেশটিতে নিযুক্ত ইকুয়েডরের রাষ্ট্রদূত আনা আলবানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আগামী দুই সপ্তাহের মধ্যে অ্যাসাঞ্জকে সুইডেনে পাঠানো হতে পারে বলে গত সপ্তাহে রায় দিয়েছে ব্রিটিশ সুপ্রিম কোর্ট। সুইডেনে পাঠানোর সিদ্ধান্ত প্রতিরোধ করতে ইকুয়েডরে আশ্রয় পেতে মঙ্গলবার লন্ডনে অবস্থিত সেদেশের দূতাবাসে হাজির হয়ে আশ্রয় প্রার্থনা করেন অ্যাসাঞ্জ। এরপর থেকে তিনি দূতাবাসেই রয়েছেন। সুইডেনে পাঠানো হলে উইকিলিকসের সাবেক দুই নারী স্বেচ্ছাসেবকের আনা ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগের মুখে পড়তে হবে তাকে। অ্যাসাঞ্জ অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন। উইকিলিকসে লাখ লাখ গোপন নথি প্রকাশিত হওয়ায় যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশের সরকারকে আন্তর্জাতিক পর্যায়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে। আর তাই সুইডেনে পাঠানো হলে উইকিলিকসের বিরুদ্ধে আনা অভিযোগের বিচার করতে অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে পাঠানো হতে পারে এবং সেখানে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে বলেও আশঙ্কা করছেন তিনি। বর্তমানে জামিনের কঠিন শর্তানুযায়ী ইংল্যান্ডে রয়েছেন তিনি। এদিকে পুলিশ জানিয়েছে, জামিনের শর্ত লঙ্ঘণ করায় আটক করা হবে অ্যাসাঞ্জকে। জামিনের অন্যতম একটি শর্ত হল তাকে তার নিজ ঠিকানায় থাকতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১০০০ ঘ.