লন্ডন, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নিজের দেশ পরিচালনার দায়িত্ব নিতে প্রস্তুতির কথা জানিয়েছেন মিয়ানমারের গণতন্ত্রকামী নেত্রী অং সান সু চি।
ইউরোপে সফরের অংশ হিসেবে মঙ্গলবার লন্ডন স্কুল অব ইকোনোমিকসের মিলনায়তনে তিনি এসব কথা বলেন। এসময় ৬৭তম জন্মদিন উপলক্ষ্যে তাকে সংবর্ধনা জানানো হয়।
নিজ দেশের জনগণের নেতৃত্ব দিতে প্রস্তুত রয়েছেন কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি তাদেরকে যদি সঠিক পথে নেতৃত্ব দিতে পারি, তাহলে প্রস্তুত রয়েছি।”
উচ্ছ্বসিত জনতার উদ্দেশে সু চি বলেন, “আপনাদের মতো লোকজনই আমাকে আমার কর্মকাণ্ড অব্যাহত রাখার শক্তি দিয়েছেন। আর আমি মনে করি আমার মধ্যে এক ধরনের জেদ রয়েছে।”
এরপর তিনি অক্সফোর্ড শহর ঘুরে দেখেন। ১৯৬০’র দশকে এখানেই তিনি রাজনীতি, দর্শন ও অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেছেন এবং তার স্বামী ও দুই ছেলেকে নিয়ে বসবাস করেছেন।
অক্সফোর্ড ঘুরে দেখার সময় সেখানে জড়ো হওয়া প্রায় ২শ’ মানুষ ‘স্বাগতম, স্বাগতম’ বলে চিৎকার করতে থাকে। অক্সফোর্ডে দুই ছেলে ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তার।
ব্রিটেনের স্কাই নিউজকে সু চি বলেন, “আমি তাদেরকে ভীষণভাবে তাদের (দুই ছেলে) অভাব অনুভব করেছি আর তারাও আমার অভাব বোধ করেছে।”
বুধবার তাকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সম্মানজনক একটি ডিগ্রি প্রদান করা হবে। এছাড়া অক্সফোর্ড ইউনিয়ন ডিবেটিং সোসাইটিতে ভাষণ দেবেন তিনি। বৃহস্পতিবার যুক্তরাজ্যের পার্লামেন্টে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।
দুই দশক গৃহবন্দি থাকার পর সু চি প্রথমবারের মতো ইউরোপ সফরে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩১৮ ঘ.
bdnews24