লস ক্যাবোস, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার সর্বাত্মক গৃহযুদ্ধের বিপদ সম্পর্কে সজাগ থাকলেও ক্ষমতা থেকে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সরাতে রাজি নয় রাশিয়া ও চীন। বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
মঙ্গলবার মেক্সিকোর পর্যটন শহর লস ক্যাবোসে জি-২০ শীর্ষ সম্মেলনের শেষ দিনের ভাষণে ওবামা এসব কথা বলেন।
সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে আসাদ সবধরনের বৈধতা হারিয়েছেন দাবি করে ওবামা বলেন, আসাদকে ক্ষমতায় রেখে সিরিয়ার সহিংসতা বন্ধ করাতে কোনো পক্ষকে রাজি করানো যাবে না।
এ সময় তিনি জানান, রাশিয়া ও চীনের নেতাদের সঙ্গে দীর্ঘক্ষণ নিবিড় আলোচনা চালিয়েও তিনি এ বিষয়ে তাদের মনোভাব পরিবর্তন করতে পারেন নি।
রাজনৈতিক আলোচনার মাধ্যমেই সিরিয়া সঙ্কটের সামধান করা উচিত বলে মনে করে রাশিয়া ও চীন। সিরিয়ায় বিদেশি কোনো শক্তির হস্তক্ষেপেরও বিরোধী তারা। তাদের বক্তব্য, সিরিয়ার সরকার পরিবর্তনের ভার সিরীয়দের ওপর ছেড়ে দেওয়া উচিত।
এ কারণে সিরিয়ার সহিংসতার নিন্দা জানিয়ে সিরিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের জন্য নিরাপত্তা পরিষদে পশ্চিমা শক্তিগুলোর দু’টি প্রস্তাবে দুইবার ভেটো দেয় দেশদু’টি।
“আমি মনে করি না এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও অন্যান্য আন্তর্জাতিক সম্প্রদায় রাশিয়া এবং চীনের সঙ্গে একমত, তবে আমি মনে করি সিরিয়ায় পূর্ণমাত্রায় গৃহযুদ্ধের বিপদের বিষয়টি তারা উপলব্ধি করেন,” বলেন ওবামা।
সিরিয়ার রাজনৈতিক রূপান্তর কী হতে পারে তার জন্য বিশ্ব সম্প্রদায়ের জাতিসংঘ ও কফি আনানের সঙ্গে কাজ করা গুরুত্বপূর্ণ উল্লেখ করে ওবামা বলেন, “রাশিয়া ও চীন এ বিষয়ে সম্মত হবে এটি বলা ঠিক হবে বলে আমি মনে করি না।”
এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন দাবি করেন, ওবামার সঙ্গে আলোচনার সময় পুতিন সিরিয়া বিষয়ে তার মনোভাব পরিবর্তন করেছেন। উল্লেখ্য, ওবামার সঙ্গে পুতিনের ওই বৈঠকের সময় জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলান্দ, তুরস্কের প্রেসিডেন্ট তাইপে এরদোগান ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও সেখানে ছিলেন।
সম্মেলনের শেষে ক্যামেরনের বক্তব্যের বিরোধিতা করে উপস্থিত সাংবাদিকদের পুতিন বলেন, “আমরা বিশ্বাস করি, কোন দেশের ক্ষমতায় কে বসবে আর ক্ষমতা থেকে কে সরে যাবে তা ঠিক করার অধিকার বাইরের কোনো রাষ্ট্রের নেই।”
জাতিসংঘের হিসাব মতে, সিরিয়ার গত ১৫ মাসের অস্থিরতা ও সহিংসতায় প্রায় ১০ হাজার মানুষ নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩০৫ ঘ.
bdnews24