ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইতিতে দ্বৈত নাগরিকত্বের সুযোগ রেখে নতুন সংবিধান প্রকাশিত হয়েছে। এরফলে বিদেশে বসবাসকারী হাইতির প্রায় ২০ লাখ নাগরিক দেশটিতে জমি কেনাসহ অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।
দেশটির প্রেসিডেন্ট মাইকেল মর্টেলির বরাত দিয়ে বুধবার বিবিসি এ খবর জানায়।
মর্টেলি বলেন, “এই বিষয়টি হাইতির জনগণের মাঝে বিভাজন সৃষ্টি করছিল।”
২০১১ সালের মে মাসে নতুন সংবিধান দেশটির সংসদে অনুমোদন পায়। প্রথম দিকে প্রেসিডেন্ট মর্টেলি দ্বৈত নাগরিকত্বের বিষয়টি প্রত্যাখ্যান করেন এবং এটি রদ করার জন্য আইন প্রণেতাদের সমর্থন আদায়ের চেষ্টা চালান।
কিন্তু আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার করে অবশেষে তাতে সই করেন।
প্রেসিডেন্ট প্রাসাদে নতুন সংবিধানে সই করার পর তিনি বলেন, “সকল হাইতিয়ানই হাইতিয়ান।”
ক্যারিবিয়ান এই দেশটিতে যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাসকারী হাইতির নাগরিকদের পাঠানো রেমিটেন্স জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
হাইতি আমেরিকার দরিদ্রতম দেশগুলোর একটি।
২০১০ সালের জানুয়ারিতে হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে ভয়াবহ ভূমিকম্প হয়। এখনো শহরটিতে হাজার হাজার মানুষ তাঁবু টানিয়ে বসবাস করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২৪৫ ঘ.
bdnews24