কিটো, লন্ডন, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইকুয়েডরে আশ্রয় পেতে লন্ডনে অবস্থিত সেদেশের দূতাবাসে আবেদন জানিয়েছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ।
মঙ্গলবার দূতাবাসের কর্মকর্তারা একথা জানান।
ইকুয়েডরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, লন্ডনের নাইটসব্রিজ শহরের দূতাবাসে পৌঁছে অ্যাসাঞ্জ নিরাপত্তার অনুরোধ জানিয়ে বলেন, তার নিজ দেশ অস্ট্রেলিয়া তাকে ত্যাগ করেছে ও তার নিরাপত্তা দিতে অস্বীকৃতি জানিয়েছে।
ইকুয়েডরের পররাষ্ট্র মন্ত্রী রিকার্ডো পাটিনো কিটোতে সাংবাদিকদের বলেন, “ইকুয়েডর এ অনুরোধ বিবেচনা করছে।”
আন্তর্জাতিক আইনের ধারা মেনে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
পাটিনো বলেন, গুপ্তচরবৃত্তি ও বিশ্বাসঘাতকতার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয় এমন কোনো দেশে প্রত্যাবর্তনে ভয় পাচ্ছেন অ্যাসাঞ্জ।
ইকুয়েডরের দূতাবাস তাদের ওয়েবসাইটে জানায়, আবেদন বিবেচনা চলাকালে ইকুয়েডরের সরকারের নিরাপত্তায় অ্যাসাঞ্জ দূতাবাসেই থাকবেন।
এর আগে ২০১০ সালে অ্যাসাঞ্জকে বসবাসের আমন্ত্রণ জানিয়েছিলো ইকুয়েডর। কিন্তু পরে তা প্রত্যাহার করে নেয়া হয়।
আটকের পর থেকে কঠিন শর্তানুযায়ী জামিনে পূর্ব ইংল্যান্ডে রয়েছেন অ্যাসাঞ্জ।
আগামী দুই সপ্তাহের মধ্যে তাকে সুইডেনে পাঠানো হতে পারে বলে গত সপ্তাহে রায় দিয়েছে ব্রিটেনের সুপ্রিম কোর্ট।
সুইডেনে পাঠানোর সিদ্ধান্তের বিষয়ে গত ১৮ মাস ধরে আইনি লড়াই চালিয়ে আসছিলেন অ্যাসাঞ্জ।
সুইডেনে পাঠানো হলে উইকিলিকসের সাবেক দুই নারী স্বেচ্ছাসেবকের আনা ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগে বিচারের মুখে পড়তে হবে তাকে।
অ্যাসাঞ্জের সাম্প্রতিক এ উদ্যোগের ফলে ইকুয়েডরের বামপন্থী ও ওয়াশিংটনবিরোধী প্রেসিডেন্ট রাফায়েল কোরেরার সরকার এবং মার্কিন সরকারের মধ্যেকার চলমান উদ্বেগ আরো বাড়তে পারে। উইকিলিকসের কারণে এ দু’দেশের পররাষ্ট্র সম্পর্ক নষ্ট হয়েছে বলে মনে করেন তারা।
আর ব্রিটেনের জন্যও এটি একটি বিব্রতকর বিষয়। মঙ্গলবার ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পুলিশ অ্যাসাঞ্জকে ইকুয়েডরের দূতাবাসে পৌঁছাতে বাধা দিতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২১০ ঘ.
bdnews24