কায়রো, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারকের অবস্থা সংকটাপন্ন। ৮৪ বছর বয়সী সাবেক এই একনায়ক কোমায় রয়েছেন এবং তাকে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে দাবি করা হচ্ছে।
(আরো তথ্যসহ)
মিশরের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, মুবারক স্ট্রোকে আক্রান্ত হওয়ায় অবস্থার অবনতি হলে মঙ্গলবার হেলিকপ্টারে করে কায়রোর কারা হাসপাতাল থেকে তাকে মাদি সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে। বর্তমানে তিনি অচেতন অবস্থায় রয়েছেন।
কিছু কিছু প্রতিবেদনে তাকে ক্লিনিক্যালি ডেড হিসেবে আখ্যায়িত করেছে। আর নিল টেলিভিশন জানায়, মুবারককে (৮৪) বাঁচিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে।
চিকিৎসকরা জানান, মুবারকের হৃদস্পন্দন স্বাভাবিক করতে ইলেকট্রিক শক দেওয়া হচ্ছে।
হাসপাতালে বেশ কিছু সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া তার সমর্থক ও বিরোধী লোকজনও জড়ো হয়েছে সেখানে।
গত বছর মিশরে গণআন্দোলনে মুবারকের দীর্ঘদিনের শাসনের অবসান হয়। কিন্তু ক্ষমতা ছাড়ার আগে আন্দোলনকারীদের হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চলতি মাসে তাকে যাবজ্জীবন কারদ- দেওয়া হয়।
কারাগারে নেওয়ার পর থেকেই তার স্বাস্থ্যের অবণতি বিষয়ে বারবার সংবাদ প্রকাশিত হয়। তবে কেউ কেউ এসব সংবাদকে মুবারকের প্রতি সহানুভূতি জাগাতেই পরিবেশন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন।
ক্ষমতাসীন সেনা কাউন্সিলের নতুন করে ক্ষমতা গ্রহণের প্রতিবাদে কায়রোর তাহরির স্কয়ারে হাজার হাজার মানুষের চলমান বিক্ষোভের মধ্যেই মুবারকের স্বাস্থ্য সঙ্কটের এ খবর প্রকাশিত হল।
নির্বাচিত প্রেসিডেন্টের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবিতে মঙ্গলবার কায়রোয় বিক্ষোভ করেছে মুসলিম ব্রাদারহুড।
কায়রোর তাহরির স্কয়ারে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে মুসলিম ব্রাদারহুডের প্রায় ১০ হাজার সমর্থক জড়ো হয়। সেখানে বিজয়ী প্রেসিডেন্ট মুরসি’র নাম ধরে শ্লোগান দেয় তারা।
এছাড়া প্রেসিডেন্টের ক্ষমতা কমিয়ে বেশির ভাগ আইনি ক্ষমতা নিজেদের হাতে ধরে রাখার জন্য সেনা শাসকরা যে চেষ্টা চালিয়ে যাচ্ছে তারও প্রতিবাদ জানায় তারা।
বিক্ষোভকারীরা এ সময় “নিপাত যাক, সামরিক শাসন নিপাত যাক!” বলে শ্লোগান দেয়। কয়েক মাসের মধ্যে বুধবারই সবচেয়ে বেশি বিক্ষোভকারী সমবেত হয়েছে, যেমনটা হয়েছিল আবর বসন্তের সময়।
ব্রাদারহুডের একজন সদস্য আহমেদ বাদায়ি বলেছেন, “বিপ্লবের অবসান ঘটাতে আমরা এখানে একত্রিত হয়েছি।”
তিনি আরো বলেন, “আমরা সামরিক কাউন্সিলকে দেখিয়ে দিতে চাই, তারা পূর্বের শাসনামল প্রতিষ্ঠা এবং বর্তমান বিপ্লবকে পাত্তা না দেওয়ার যে চেষ্টা করছে তা আমরা ঠিকই বুঝতে পেরেছি।”
আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া না হলেও সোমবার মিশরের প্রথম অবাধ প্রেসিডেন্ট নির্বাচনে মুসলিম ব্রাদারহুডের প্রার্থী মোহাম্মদ মুরসি তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন বলে নির্বাচন কমিটির এক সূত্র জানিয়েছে।
কিন্তু রোববার রাতে এক ডিক্রি জারি করে নিজেদের হাতে ক্ষমতা ধরে রাখার ব্যবস্থা করেছে ক্ষমতাসীন সামরিক পরিষদ।
নির্বাচনের শেষ দিন ভোট গ্রহণ শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ডিক্রি জারি করে রাষ্ট্রপ্রধানের ক্ষমতার সীমা নির্দিষ্ট করে দেয় সেনাবাহিনী।
ডিক্রিতে মিশরের সংবিধান তৈরির ভার সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। যে পর্যন্ত স্থায়ী সংবিধান প্রস্তুত না হচ্ছে ততদিন মিশরে কোনো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে না বলে ওই সামরিক প্রজ্ঞাপনে বলা হয়েছে।
এছাড়া সেনাবাহিনীর ওপর নির্বাচিত প্রেসিডেন্টের কোনো কর্তৃত্ব থাকবে না বলেও ঘোষণা করা হয়েছে। মিশরের পরবর্তী বাজেট তৈরি করার দায়িত্বও দেওয়া হয়েছে সেনাবাহিনীকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/এলকিউ/১৬৫৩ ঘ.
bdnews24