২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে বিচার ও নির্বাহী বিভাগের দ্বন্দ্বের ঘটনাক্রম

পাকিস্তানে নির্বাহী বিভাগের সঙ্গে বিচার বিভাগের দ্বন্দ্বের শুরু দেশটি স্বাধীন হওয়ার পরপরই সমস্যায় জর্জরিত লিয়াকত আলী খানের শাসনামল থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2012, 05:58 PM

Updated : 24 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানে নির্বাহী বিভাগের সঙ্গে বিচার বিভাগের দ্বন্দ্বের শুরু দেশটি স্বাধীন হওয়ার পরপরই সমস্যায় জর্জরিত লিয়াকত আলী খানের শাসনামল থেকে। দীর্ঘকাল সামরিক শাসনে থাকা পাকিস্তানের ইতিহাসে বিচার বিভাগের ভূমিকাও ছিল গুরুত্বপূর্ণ। তবে সে দেশের জনগণ মনে করে, পাকিস্তানের বিচার বিভাগ সামরিক আদেশের প্রতি বেশি আগ্রহী এবং তা প্রায়ই সামরিক বাহিনীকে সহায়তা করেছে। সর্বশেষ মঙ্গলবার প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে অযোগ্য ঘোষণা করে সুপ্রিম কোর্টের রায়ের পর পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন বিচার বিভাগ ও শাসন বিভাগের দ্বন্দ্ব এবং সামরিক শাসনের কালানুক্রমিক ইতিহাস তুলে ধরেছে। তা বাংলায় ভাষান্তর করেছেন হোসাইন আহমদ। ১৯৫৪: সাংবিধানিক পরিষদ সংবিধানের এমন কিছু সংশোধন আনে যাতে গভর্নর জেনারেল হিসেবে মালিক গোলাম মোহাম্মদ ক্ষমতা থেকে উচ্ছেদ হন। এর আগে খাজা নাজিমুদ্দিনের সরকারকে সরিয়ে তাকে ক্ষমতায় বসায় একই সংসদ। ১৯৫৫: সাংবিধানিক পরিষদের সিদ্ধান্তের জের ধরে গোলাম মোহাম্মদ তা ভেঙে দেন। সাংবিধানিক পরিষদের প্রেসিডেন্ট মৌলভী তমিজ উদ্দীন এ সিদ্ধান্তের বিরোধিতা করে হাই কোর্টে যান। হাই কোর্ট মৌলভী তমিজ উদ্দীনের পক্ষে রায় দিলেও পরে সুপ্রিম কোর্ট তা বাতিল করেন। ১৯৫৫: চতুর্থ গভর্নর জেনারেল হিসেবে ইস্কান্দার মির্জা দায়িত্ব নেন এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী বগুড়াকে ক্ষমতা থেকে অপসারণ করেন। অক্টোবর ১৯৫৮: ইস্কান্দার মির্জা সেনাপ্রধান মোহাম্মদ আইয়ুব খানের সহায়তায় সংবিধান স্থগিত করে পাকিস্তানে প্রথম সামরিক আইন জারি করেন। ১৯৬২ সাল পর্যন্ত তা বলবত থাকে। এর ফলে প্রাদেশিক ও জাতীয় পরিষদ এবং আরো কয়েকটি মন্ত্রণালয় বিলুপ্ত হয়। অভ্যুত্থান ও সামরিক শাসন অসাংবিধানিক হলেও বিচারপতি মুনীর তা সমর্থন করেন। তার এ ভূমিকা বিখ্যাত ‘ডকট্রিন অব নেসেসিটি’র ভিত্তি তৈরি করে, যা দেশের আইন পুনঃস্থাপনে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নির্বাহীদের নেওয়া বিচার বহির্ভূত পদক্ষেপকে বৈধতা দেয়। সেপ্টেম্বর ১৯৭৬: ১৯৭৩ সালে জুলফিকার আলী ভুট্টোর প্রবর্তন করা সংবিধানে বেশকিছু সংশোধনী আনা হয়। এর ফলে বিচার বিভাগের কর্তৃত্ব ও ক্ষমতা ক্ষুন্ন হওয়ায় বিচার বিভাগ থেকে ব্যাপক শোরগোল উঠে। জুলাই ১৯৭৭: ৫ জুলাই সেনাপ্রধান জিয়াউল হক তৃতীয়বারের মত পাকিস্তানে সামরিক শাসন জারি করেন এবং সংবিধান স্থগিত করেন। নভেম্বর ১৯৭৭: নুসরাত ভুট্টো সামরিক শাসনের বিরুদ্ধে পাকিস্তানের সুপ্রিম কোর্টে আপিল করেন। কিন্তু আদালত ‘ডকট্রিন অব নেসেসিটি’র কথা বলে সামরিক শাসনকে বহাল রাখে। এপ্রিল ১৯৭৯: দুর্নীতি ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে ভুট্টোকে ফাঁসি দেওয়া হয়। ভুট্টোর এ মামলা পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত রাজনৈতিক মামলা হিসেবে বিবেচিত। ভুট্টোর মামলার রায়ের জন্য সাত সদস্যের বিচারকের একটি বেঞ্চ গঠন করা হয়। এর তিনজন বিচারক তাকে অভিযোগ থেকে অব্যাহতি দিলেও বাকি চারজন বিচারবহির্ভূত হত্যার নির্দেশের অভিযোগে তাকে অভিযুক্ত করে রায় দেয়। তবে ভুট্টো এ রায় পর্যালোচনার জন্য আপিল করলে সাত বিচারকই তা খারিজ করে দেয়। ১৯৮১: জেনারেল জিয়া ১৯৮১ সালের পিসিও জারির মাধ্যমে এই আদেশের সঙ্গে সম্মত হয়ে সব বিচারকের জন্য নতুন করে শপথ নেওয়ার বাধ্যতামূলক করে। এর ফলে ১৬ জন বিচারক বরখাস্ত হয়, তিনজন শপথ নিতে অস্বীকৃতি জানায় বিধান এবং বাকিরা চাপের মুখে আত্মসমর্পণ করেন। নভেম্বর ১৯৮৫: ১৯৭৩ সালের সংবিধানে অষ্টম সংশোধনী এনে পুরো সংবিধানের ১৯টি অনুচ্ছেদের ওপর তার প্রভাব পড়ে। এর ফলে দেশের ব্যবস্থা সংসদীয় থেকে প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে রূপান্তরিত হয়। মে ১৯৮৮: সংবিধানের ৫৮(২) বি অনুচ্ছেদ অনুসারে প্রেসিডেন্ট জেনারেল জিয়া জাতীয় সম্পদের দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রীর খান মোহাম্মদ জুনেজোর সরকারকে বাতিল করে। আগস্ট ১৯৮৮: প্রেসিডেন্ট জেনারেল জিয়া বিমান দুর্ঘটনায় মারা যান। অক্টোবর ১৯৮৮: সুপ্রিম কোর্ট জেনারেল জিয়া কর্তৃক জাতীয় পরিষদ ভেঙে দেওয়াকে অসাংবিধানিক ঘোষণা করলেও নির্বাচন নিকটবর্তী হওয়ায় এসংক্রান্ত আদেশ বাতিল করেন। এপ্রিল ১৯৯০: জাতীয় পরিষদ ভেঙে ১৪ জুলাইয়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে প্রেসিডেন্টের দেওয়া আদেশ বাতিল করে সুপ্রিম কোর্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী হিসেবে বহাল ঘোষণা করে। এপ্রিল ১৯৯৭: সংবিধানে ত্রয়োদশ সংশোধনী এনে প্রধানমন্ত্রীর হাতে সেনাপ্রধান ও অন্যান্য গুরুত্বপূর্ণ সামারিক-বেসামরিক কর্মকর্তা নিয়োগের ক্ষমতা দেওয়া হয়। এ সংশোধনীর মাধ্যমে প্রেসিডেন্টের হাতে অধিক ক্ষমতা দেওয়া বিতর্কিত ৫৮(২) বি অনুচ্ছেদ রহিত করা হয়। জুলাই ১৯৯৯: নেওয়াজ শরিফের সরকারের দুর্নীতি ও অর্থ পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে বন্দি করা হয়। অক্টোবর ১৯৯৯: জেনারেল পারভেজ মুশাররফ ক্ষমতা দখল করেন এবং নওয়াজ শরীফকে সৌদি আরবে নির্বাসন দেওয়া হয়। ফেব্রুয়ারি ২০০২: শরীফের সময়ে ১৯৭৩ সালের সংবিধানের করা ১৩ ও ১৪তম সংশোধনী রহিত করে সরকার। মার্চ ২০০৭: প্রধান বিচারপতি ইফতেখার মোহাম্মদ চৌধুরীকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট মুশাররফ। এতে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতার এক পর্যায়ে মুশাররফ সরকারের পতন ঘটে। জুলাই ২০০৭: বিচারপতি খলিলুর রহমান রামদের আদালত প্রধান বিচারপতি ইফতেখার মোহাম্মদ চৌধুরীকে পুনর্বহাল করেন। অক্টোবর ২০০৭: প্রেসিডেন্ট নির্বাচনে মুশাররফ বিজয়ী হলেও সুপ্রিম কোর্ট তা চ্যালেঞ্জ করে। নভেম্বর ২০০৭: মুশাররফ জরুরি অবস্থা জারি করেন এবং সংবিধান ও সংসদ স্থগিত ঘোষণা করেন। একই সঙ্গে প্রধান বিচারপতিসহ আরো বিচারককে গৃহবন্দি করেন। জুন ২০০৮: প্রধান বিচারপতি হিসেবে ইফতেখার মোহাম্মদ চৌধুরীর পুনর্বহালের দাবিতে আইনজীবীরা লংমার্চ শুরু করেন। ১৪ লংমার্চ শেষে ইসলামাবাদে তারা প্রেসিডেন্ট মুশাররফের পদত্যাগ দাবি করেন। আগস্ট ২০০৮: ক্ষমতাসীন জোট (পিপিপি ও মুসলিম লীগ-এন) তৃতীয় বারের মত ইফতেখার চৌধুরীকে প্রধান বিচারপতি হিসেবে বহাল রাখার সিদ্ধান্ত নেন। অভিসংশনের পদক্ষেপ নেওয়ার পর মোশাররফ পদত্যাগ করেন। সরকার প্রধান বিচারপতি হিসেবে চৌধুরীকে পুনর্বহালে ব্যর্থ হলে মুসলীম লীগ জোট থেকে বের হয়ে আসে। ডিসেম্বর ২০০৯: আইন অমান্যকারী, অর্থ পাচারকারী ও আত্মসাতকারীদের মাফ করে দেওয়া এনআরও ২০০৭ কে অকার্যকর ও বাতিল বিবেচনা করার জন্য সুপ্রিম কোর্ট একটি আদেশ জারি করে। ২০০৭ সালের ওই অধ্যাদেশ পারভেজ মোশাররফ অনুমোদন দিয়েছিল। আদালত প্রেসিডেন্ট জারদারির বিরুদ্ধে সুইস কেলেঙ্কারির বিষয়ে মামলা পুনরায় শুরু করতে ন্যাশনাল একাউন্টেবিলিটি বুরে‌্যাকে আদেশ দেয়। নভেম্বর ২০১১: যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূত হোসাইন হাক্কানী একটি বিতর্কিত স্মারকলিপির খসড়া করার সঙ্গে যুক্ত থাকার অভিযোগের জের ধরে পদত্যাগ করেন। ডিসেম্বর ২০১১: নেওয়াজ শরীফ তার জোট এ স্মারকলিপি কেলেঙ্কারির বিষয়ে আরো তদন্তে সুপ্রিম কোর্টে আবেদন করে। সুপ্রিম কোর্ট তা ‘আমলযোগ্য’ বলে ঘোষণা করে। প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানী ও তার দলের নেতারা ঘোষণা করে, তারা রাষ্ট্রের মধ্যে আরেকটি রাষ্ট্রের অস্তিত্ব মেনে নেবে না। এ বক্তব্যের ফলে দেশের মধ্যে সামরিক ও বেসামরিক কর্তৃত্বের মধ্যে দ্বন্দ্বের প্রকাশ ঘটায়। তবে সেনাপ্রধান জেনারেল আশরাফ কায়ানি জানান, সেনাবাহিনী এই ধরনের কোনো অভ্যুত্থানের উদ্যোগ নেই। এটাকে স্মারকলিপি কেলেঙ্কারি থেকে নজর সরাতে এটা সরকারের একটা কৌশল বলে দাবি করেন তিনি। জানুয়ারি ২০১২: সুইস সরকারের কাছে একটি চিঠি লেখার বিষয়ে ২০০৯ সালের ডিসেম্বরে ন্যাশনাল রিকন্সিরিলয়েশন কাউন্সিলের জারি করা একটি আদেশ বাস্তবায়ন বিষয়ে সতর্কতা জারি করে সুপ্রিম কোর্ট। এনআরও বাস্তবায়নের মামলায় প্রধানমন্ত্রী গিলানির বিরুদ্ধে আদালত অবমামননার মামলা হয় এবং তাকে ১৯ জানুয়ারি সর্বোচ্চ আদালতের সামনে হাজির হতে বলা হয়। ফেব্রুয়ারি ২০১২: ১৩ ফেব্রুয়ারি আদালত অবমাননা বিষয়ে প্রধানমন্ত্রী গিলানিকে অভিযুক্ত করে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। এপ্রিল ২০১২: প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ শুনানি শেষে ২৬ এপ্রিল সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টের বিরুদ্ধে দুর্নীতির মামলা পুনঃতদন্তে অস্বীকার করায় দোষী সাব্যস্ত করে আদালত কক্ষেই তাকে ৩০ সেকেন্ডের প্রতীকী কারাভোগের সাজা দেন। একমাত্র দেশের সংসদই তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে অপসারণ করতে পারে একথা উল্লেখ করে এদিন প্রধানমন্ত্রী গিলানি পদত্যাগ করতে অস্বীকার করেন। মে ২০১২: ১ মে প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরী বলেন, রিভিউ পিটিশন দায়ের করা হলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানিতে অংশ নেওয়া বেঞ্চের মধ্যে তিন বিচারক উপস্থিত থাকতে পারবেন না। তবে, প্রধান বিচারপতি ‘উপস্থিত থাকতে না পারা’ ওই বিচারকদের নাম উল্লেখ করেননি বা এর কারণ বলেননি। ৩ মে স্পিকার ফাহমিদা মির্জা বলেন, প্রধানমন্ত্রীর বিষয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের বিষয়ে তিনি এখনো সিদ্ধান্ত নেননি। আদালত থেকে অবমাননার মামলার রায়ের বিস্তারিত কপি তার হাতে এলে তিনি বিষয়টি বিবেচনা করবেন। ৮ মে আদালতের পূর্ণাঙ্গ রায়ে বলা হয় প্রধানমন্ত্রী আদালতের আদেশ মানেননি এবং ইচ্ছা করে আদালত অবমাননা করেছেন। এতে আরো বলা হয়, এটা পরিষ্কার যে সরকারের উচ্চ মহলে আদালত নিয়ে রসিকতা করা হয়। ১১ মে প্রধানমন্ত্রীর অযোগ্যতা চেয়ে সুপ্রিম কোর্টে একটি আবেদন করেন অ্যাডভোকেট মোহাম্মদ আজহার সিদ্দিক। এতে তিনি বলেন, একজন দোষী সাব্যস্ত ব্যক্তি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারেন না। তিনি আরো বলেন, এ বিষয়ে স্পিকার বা নির্বাচনের কমিশনের কোনো ভূমিকা নেই। ২৪ মে স্পিকার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দেওয়া অযোগ্যতার রায় নির্বাচন কমিশনের কাছে না পাঠানোর সিদ্ধান্ত নেন। ২৫ মে রাতে প্রধানমন্ত্রী গিলানি আদালতের রায়ের বিষয়ে কোনো আপিল না করার সিদ্ধান্ত নেন। ২৮ মে মুসলিম লীগ (নওয়াজ) প্রধানমন্ত্রীর অযোগ্যতার রায়ের বিরোধিতা করে স্পিকারের দেওয়া রুলিংয়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেন। ২৯ মে ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, অযোগ্যতার বিষয়ে দেওয়া স্পিকার ফাহমিদা মির্জার রুলিং চূড়ান্ত এবং তা চ্যালেঞ্জ অযোগ্য। জুন ২০১২: ৬ জুন প্রধানমন্ত্রী গিলানির বিরুদ্ধে অযোগ্যতার রেফারেন্সের বিষয়ে স্পিকার ফাহমিদা মির্জার দেওয়া রুলিংয়ের বিরুদ্ধে করা আপিল শুনানির জন্য গ্রহণ করে সুপ্রিম কোর্ট। বিচারপতি ইফতিখার চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের একটি বেঞ্চ এ আপিলের শুনানি করেন ১৪ জুন পর্যন্ত। শুনানিতে অংশ নিয়ে অ্যাডভোকেট একে দোগার বলেন, পাকিস্তানের সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রী গিলানিকে অযোগ্য ঘোষণা করলেও তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী আদালতকে অবমাননা করেছেন এবং স্পিকারের রুলিং সাত সদস্যের বেঞ্চের ঘোষিত রায়ের বিরুদ্ধে গেছে। ১৫ জুন সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রীর অযোগ্যতার বিষয়ে জাতীয় পরিষদের স্পিকারের দেওয়া রুলিংকে চ্যালেঞ্জ করে করা আবেদনের শুনানি পুনরায় শুরু করে। শুনানির সময় প্রধানমন্ত্রীর আইনজীবী ব্যারিস্টার আইতাজ আহসান এ পিটিশনের শুনানির জন্য আরো বড় বেঞ্চ গঠনের জন্য আদালতকে অনুরোধ করেন। এই বেঞ্চ তখন বলেন, রায়ের বিরুদ্ধে আপিল না করে প্রধানমন্ত্রী তা গ্রহণ করেছেন। এর জবাবে আহসান বলেন, প্রধানমন্ত্রী রায় মেনে নিলেও অযোগ্যতা মেনে নেননি। সুপ্রিম কোর্ট স্পিকারের রুলিং বিষয়ে শুনানি শুরু করেন ১৮ জুন। শুনানিতে অ্যাটর্নি জেনারেল ইরফান কাদির জাতীয় পরিষদের স্পিকার ফাহমিদা মির্জার একটি লিখিত জবাব সর্বোচ্চ আদালতের কাছে জমা দেন। আহসান বলেন, সংবিধানের ১৮৪ (৩) অনুচ্ছেদ অনুসারে এই আবেদনের শুনানি করার ক্ষমতা সুপ্রিম কোর্টের নেই। শুনানি শেষে সুপ্রিম কোর্ট স্পিকারের দেওয়া রুলিং বাতিল ঘোষণা করে ২৬ এপ্রিল থেকে কার্যকর করে ইউসুফ রাজা গিলানিকে প্রধানমন্ত্রী পদে থাকার অযোগ্য ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএএইচ/এমআই/২৩৫৫ ঘ.