ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতা বাড়াতে অষ্ট্রেলিয়ার ধনকুবের জিনা রাইনহার্ট ফেয়ারফ্যাক্স মিডিয়াতে নিজের মালিকানা বাড়ানোয় উদ্বেগ প্রকাশ করেছে অষ্ট্রেলিয়ার সরকার।
বিখ্যাত খনি ব্যবসায়ী জিনা রাইনহার্টের বর্তমানে ফেয়ারফ্যাক্সে ১৮ দশমিক ৬৭ শতাংশ শেয়ার রয়েছে। তিনি পরিচালনা পর্ষদে তিনটি আসন চেয়েছেন, যার বলে সম্পাদকীয় সিদ্ধান্ত গ্রহণে নিজের অধিকার খাটাতে চান।
ফেয়ারফ্যাক্স মালিকানাধীন পত্রপত্রিকার উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি অনলাইন।
অষ্ট্রেলিয়ার অন্যতম বড় মিডিয়া গ্র“প হলো ফেয়ারফ্যাক্স মিডিয়া কোম্পানি, যাদের মালিকানায় রয়েছে বেশ কয়েকটি পত্রিকা, সাময়িকী, রেডিও এবং ডিজিটাল মিডিয়া।
রাইনহার্টের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় অষ্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ওয়েন সোয়ান উদ্বেগ প্রকাশ করে বলেছেন, “এটা আমাদের গণতন্ত্রে বিরূপ প্রভাব ফেলবে।”
এদিকে ফেয়ারফ্যাক্স বলেছে, খরচ কমানোর লক্ষ্যে আগামী তিন বছরের মধ্যে তাদের ১৯০০ কর্মীকে চাকরিচ্যুত করা হবে।
এক সপ্তাহ আগেও রাইটহার্টের শেয়ার ছিল ১২ দশমিক ৫৮ শতাংশ। শেয়ার বাড়িয়ে ১৮ দশমিক ৬৭ শতাংশ করায় এখন তিনি ফেয়ারফ্যাক্সের সবচেয়ে বড় বিনিয়োগকারী হয়ে গেছেন।
পরিচালনা পর্ষদে তিনটি আসন ছাড়াও পত্রিকাটির সম্পাদক নিয়োগ ও বরাখাস্তের ক্ষমতাও চাচ্ছেন রাইটহার্ট। তবে পত্রিকাটির সাংবাদিকরা রাইটহার্টকে ফেয়ারফ্যাক্সের স্বাধীন সম্পাদকীয় নীতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য লিখিতভাবে অনুরোধ জানিয়েছেন।
আয়রণ-আকরিক খনি সাম্রাজ্যের তত্ত্বাবধান করেন রাইনহার্টস। সরকারের খনিজ সম্পদ আহরণ ও কার্বনের ওপর কর পরিকল্পনারও বিরোধী তিনি।
সাংবাদিকদের পাশাপাশি রাইটহার্টকে ফেয়ারফ্যাক্সের নীতি ও সম্পাদকীয় স্বাধীনতার প্রতি শ্রদ্ধা জানাতে অনুরোধ জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ও যোগাযোগমন্ত্রী স্টিফেন কনরয়ও।
অষ্ট্রেলিয়ার অন্যতম বড় মিডিয়া কোম্পানি ফেয়ারফ্যাক্স সোমবার ঘোষণা করেছে যে, ২০১৫ সালের মধ্যে তারা বছরে ২৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলার খরচ কমাবে।
দ্য এজ ও সিডনি মর্নিং হেরাল্ড পত্রিকাদুটি ব্রডশিট থেকে ট্যাবলয়েড করার পরিকল্পনা আছে তাদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/২২৩১ ঘ.
bdnews24