ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুর্দি বিদ্রোহীদের চোরাগোপ্তা হামলায় অন্ততপক্ষে সাত তুর্কি সেনা নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
তুরস্কের রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশনের বরাত দিয়ে বিবিসি এ খবর জানায়।
ইরাক ও ইরানের সীমান্তবর্তী তুরস্কের ইউসেকোভায় এই হামলা চালানো হয়। ইরাকের উত্তরাঞ্চলীয় পার্বত্য এলাকায় কয়েক হাজার কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সদস্যের গোপন আস্তানা রয়েছে বলে ধারণা করা হয়।
১৯৮৪ সালে পিকেকে অস্ত্রধারণ করার পর বিভিন্ন সহিংসতায় এ পর্যন্ত লাখো মানুষের মৃত্যু হয়েছে।
নিরাপত্তাসূত্র রয়টার্সকে জানিয়েছে, সীমান্ত পাড়ি দিয়ে বিদ্রোহীরা তুরস্কের একটি সেনা চৌকিতে হামলা চালিয়ে পুনরায় ইরাকে ফিরে যায়।
গত বছর থেকে তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলে তুর্কি সেনা বাহিনীর সঙ্গে পিকেকে’র সংঘর্ষ বেড়েছে।
পিকেকে তুরস্কের অন্যান্য অংশেও বোমা হামলা চালিয়েছে। গত বছরের সেপ্টেম্বরে আঙ্কারায় একটি শক্তিশালী বোমা হামলায় তিন জন নিহত ও ১৫ জন আহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪১৫ ঘ.
bdnews24