নয়া দিল্লি, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম সোমবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন না।
কালাম বলেন, ১৯ জুলাইয়ের প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে যে কথাবার্তা চলছে তা তিনি জানেন। কিন্তু দ্বিতীয় মেয়াদে নির্বাচন করার কোনো ইচ্ছা তার নেই।
“বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সামগ্রিক দিক বিবেচনা করে আমি ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি”, বলেন তিনি।
বিশদ এক বিবৃতিতে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, “তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি ও অন্যান্য রাজনৈতিক দল আমাকে তাদের প্রেসিডেন্ট প্রার্থী করতে চাইছে।”
তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলো ছাড়াও সাধারণ জনগণ, বুদ্ধিজীবী ও তার শুভাকাঙ্খীরা বিভিন্ন সামাজিক যোগাযোগ সাইট ও ই-মেইলের মাধ্যমে তাকে প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতার অনুরোধ জানাচ্ছে।
কিন্তু তারপরও নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সংবাদ সংস্থা পিটিআই বলেছে, সোমবার বিজেপি’র উর্ধ্বতন নেতা এল কে আদভানিকেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে অনীহার কথা জানিয়েছেন কালাম।
আদভানিকে বুঝিয়ে কালাম বলেছেন, “তার ‘বিবেক’ তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে সায় দিচ্ছে না।”
আদভানির সঙ্গে প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে কালামের তিন দফা কথা হয়েছে। এর আগে বিজেপি নেতা সুধিন্দ্র কুলকার্নিও এ ইস্যু নিয়ে কালামের সঙ্গে কথা বলেছেন।
কংগ্রেস নেতৃত্বাধীন ভারতের ক্ষমতাসীন জোট সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) জোট প্রার্থী হিসাবে প্রণব মুখার্জির নাম ঘোষণা করলেও এনডিএ এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি।
প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে রোববার এনডিএ’র (ন্যাশনাল ডেমোক্রেটিক এলায়েন্স) ডাকা প্রার্থী নিয়ে বিভক্তির কারণে কোনো সিদ্ধান্ত হয়নি।
এ নিয়ে আরো আলোচনা জন্য সোমবার রাত ৯ টায় দলটির প্রেসিডেন্ট নিতিন গান্ধারি’র বাড়িতে বিজেপি‘র শীর্ষস্থানীয় নেতারা এক বৈঠকে মিলিত হবেন” বলে দলটির এক নেতা জানিয়েছেন।
এ পি জে আব্দুল কালাম ২০০২ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত ভারতের প্রেসিডেন্ট ছিলেন। অটল বিহারী বাজপেয়ী’র নেতৃত্বাধীন তৎকালীন এনডিএ সরকারের প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭৫১ঘ.
bdnews24