সিত্তুয়ি, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারের দাঙ্গায় ব্স্তাুহারা হাজার হাজার মুসলিম রোহিঙ্গা ও রাখাইন বৌদ্ধদের জন্য সাহায্য জরুরি হলেও ত্রাণকর্মীদের নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে ত্রাণকাজ ব্যাহত হচ্ছে।
উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিত্তুয়ি শহরে শুক্রবার সশস্ত্র সেনাদের টহল দিতে দেখা গেছে।
জাতিসংঘ কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, রোহিঙ্গা অধুষ্যিত বুথিডং শহরে তাদের তিনজন কর্মচারিকে অজ্ঞাত কারণে আটক করেছে পুলিশ।
এদের দুইজন জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং একজন বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) কর্মচারী। ৩ জনই মিয়ানমারের নাগরিক।
ডব্লিউএফপি ইতোমধ্যেই বাস্তুহারাদের জন্য চাল সরবরাহ করেছে বলে জানিয়েছেন মিয়ানমারে সংস্থাটির ত্রাণকাজ পরিচালনা মুখপাত্র।
তিনি বলেন, “নিরাপত্তা নিশ্চিত হলে আমরা যত তাড়াতাড়ি সম্ভব অন্য উদ্বাস্তু শিবিরগুলোতেও যাওয়ার চেষ্টা করব। আমরা যথাসম্ভব কাজ করার চেষ্টা করছি। আমরা শিবিরে যাব। কিন্তু নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ।”
সিত্তুয়ির কাছের একটি গ্রামে বৃহস্পতিবার ২০ টিরও বেশি বাড়ি দাঙ্গাকারীরা জ্বালিয়ে দিয়েছে বলে জানিয়েছে অধিবাসীরা। এর আগে গত সপ্তাহে পোড়ানো হয়েছে ২৫ হাজার বাড়ি। তবে নতুন করে আর কেউ নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।
বেশ কয়েক বছর ধরে মিয়ানমারের ওই অঞ্চলটিতে জাতিগত দাঙ্গা চলছে।
৮ জুন মিয়ানমারে রাখাইন প্রদেশে মুসলিম রোহিঙ্গা ও বৌদ্ধ রাখাইনদের মধ্যে নতুন করে দাঙ্গা শুরু হয়।
বেশ কয়েকদিন ধরে আগুন দেয়া ও হত্যাযজ্ঞ চলার পর পরিস্থিতি আপাতত কিছুটা শান্ত। তবে মিয়ানমারের সংস্কারপন্থি প্রেসিডেন্টে থিয়েন শিয়েনের জন্য এ দাঙ্গাকে বড় একটি চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ওয়ান ল্যাট ফাউন্ডেশনের সদস্য চাও তুন জানান, এ সপ্তাহের শুরুতে যে অঞ্চলগুলো দাঙ্গার কেন্দ্র ছিল প্রাদেশিক রাজধানী সিত্তুয়িসহ সে অঞ্চলগুলো শান্ত হয়ে আসছে।
রাখাইন প্রদেশের সিনেটর অং মিয়াত কিয়াও রয়টার্সকে বলেন, “দুইপক্ষের মধ্যে উত্তেজনা কমেছে। সিত্তুয়িতে প্রায় ২০ হাজার শারণার্থী আছে। এদের বেশির ভাগই সহিংসতার ভয়ে গ্রাম থেকে পালিয়ে এসেছে।”
তিনি আরো বলেন, “এসব শরণার্থীদের জন্য খাদ্য প্রয়োজন। প্রবল বৃষ্টির কারণে তাদের স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তা দেখা দিয়েছে। কেননা তাদের জন্য যথেষ্ঠ পরিমাণে আশ্রয়স্থল নেই।”
মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শুধু সোমবারই দাঙ্গায় ২১ জন নিহত হয়েছে। এছাড়া ১ হাজার ৬‘শ ৬২ টি বাড়ি আগুনে পোড়ানো হয়েছে।
তবে কি কারণে এ দাঙ্গার সূত্রপাত হয়েছে এ বিষয়টি স্পষ্ট নয়। কয়েক প্রজন্ম ধরেই রাখাইন প্রদেশে মুসলিম ও বৌদ্ধদের মধ্যে অপ্রীতিকর সম্পর্ক চলে আসছে। সম্প্রতি এক বৌদ্ধ নারী গণধর্ষণ ও হত্যার শিকার হলে এর জন্য মুসলিমদের দায়ী করে বৌদ্ধরা।
এ ঘটনার প্রতিশোধ হিসেবে ৩ জুন ১০ মুসলিম রোহিঙ্গাকে হত্যা করে বৌদ্ধরা। তারা একটি বাসে করে যাচ্ছিল। এক বৌদ্ধ জনতা বাসটি থামিয়ে তাদের হত্যা করে। বাসের ওই যাত্রীদের সঙ্গে বৌদ্ধ নারীকে ধর্ষণ ও হত্যার বিষয়ে কোনো সম্পৃক্ততা ছিল না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১০৪ঘ.
bdnews24