২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাটো হামলা: যুক্তরাষ্ট্রকে আবার ক্ষমা চাইতে বলল পাকিস্তান

ন্যাটো হামলায় গত বছর ২৪ সেনা নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্রকে আবারো ক্ষমা চাইতে বলেছে পাকিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2012, 05:30 PM

Updated : 24 Aug 2022, 11:32 AM

কাবুল, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ন্যাটো হামলায় গত বছর ২৪ সেনা নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্রকে আবারো ক্ষমা চাইতে বলেছে পাকিস্তান। আফগানিস্তানে বিদেশি সেনাদের জন্য রসদ সরবরাহ রুট পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়ার আগে নতুন করে এ ক্ষমা চাওয়ার দাবি জানালেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার। ন্যাটো হামলায় ২৪ পাকিস্তানি সেনা নিহতের জেরে ক্ষুব্ধ হয়ে ওই রুট বন্ধ করে দেয় ইসলামাবাদ। আফগানিস্তানের রাজধানী কাবুলে বৃহস্পতিবার সাংবাদিকদের হিনা বলেন, পাকিস্তান এখনো চায় যুক্তরাষ্ট্র নিঃশর্তে ক্ষমা চাক এবং পাক সীমাস্ত এলাকা সালালায় যা ঘটেছিল তার পুনরাবৃত্তি না ঘটার নিশ্চয়তা দিক। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আফগানিস্তানে ন্যাটো সেনাদের রসদ সরবরাহের জন্য পরিবহণ ফি নিয়ে পাকিস্তান যুক্তরাষ্ট্রের সঙ্গে দরকষাকষি করছে- এমন খবরও হিনা নাকচ করেন। আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনাদের জন্য পাকিস্তানের করাচি বন্দরে নামানো প্রয়োজনীয় রসদগুলো স্থলবেষ্টিত আফগানিস্তানে পৌঁছতে পাকিস্তানের রাস্তা ব্যবহার করতে হয় যুক্তরাষ্ট্রকে। ২০১৪ সাল শেষ হওয়ার আগে আফগানিস্তান থেকে বেশির ভাগ সেনা প্রত্যাহার করে নেওয়ার জন্য এই পথের গুরুত্ব আরো বৃদ্ধি পেয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২৩২৩ঘ.