২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘গাজার বিশুদ্ধ পানির একমাত্র উৎস দূষিত’

গাজার বিশুদ্ধ পানির একমাত্র উৎসটি ক্রমে বিষাক্ত হয়ে উঠছে। ফলে এটি আর পানযোগ্য পানির উৎস থাকছে না। সার আর মানুষের মলমূত্রের কারণেই এমনটি ঘটছে বলে সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2012, 04:01 AM

Updated : 24 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজার বিশুদ্ধ পানির একমাত্র উৎসটি ক্রমে বিষাক্ত হয়ে উঠছে। ফলে এটি আর পানযোগ্য পানির উৎস থাকছে না। সার আর মানুষের মলমূত্রের কারণেই এমনটি ঘটছে বলে সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে। সেভ দ্য চিল্ড্রেন এবং মেডিকেল এইড ফর প্যালেস্টানিয়ানস এর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এখানে ডায়েরিয়া আক্রান্ত শিশুর সংখ্যা পাঁচ বছরে দ্বিগুণ হয়েছে। তারা আরো জানিয়েছে, ইসরায়েল পাঁচ বছর ধরে গাজা অবরুদ্ধ করে রাখায় পয়ঃনিষ্কাশন ব্যবস্থার জন্য জরুরি যন্ত্রপাতি সেখানে প্রবেশ করে পারছে না। তারা দাবি করে, অবরোধ সম্পূর্ণরূপে তুলে নিতে হবে। “অন্তরালেই ঝড়ে যাচ্ছে গাজার শিশুরা (গাজা’স চিল্ডেন: ফলিং বিহাইন্ড)” শীর্ষক প্রতিবেদনে তারা বলে, গাজার পানি সরবরাহের মূল উৎসে উচ্চমাত্রার নাইট্রেট ও অন্যান্য দূষণকারী উপাদান পাওয়া গেছে। মানব ও অন্যান্য প্রাণীর মলমূত্র এবং কৃত্রিম সারে নাইট্রেট পাওয়া যায়। এই উপাদানটির সঙ্গে পানিবাহিত রোগ ডায়েরিয়ার যোগ রয়েছে। আর যখন থেকে গাজা অবরুদ্ধ করে রাখা হয়েছে তখন থেকেই এই রোগটি শিশুদের মধ্যে দেখা দিয়েছে। কোনো কোনো পরিবার ব্যক্তিগত উদ্যোগে পানির ব্যবস্থা করেছে। কিন্তু তারা বুঝতে পারছে না, ওই পানিও দূষিত। কেননাঅধিকাংশ ক্ষেত্রে যে স্তর থেকে তারা পানি উত্তোলন করছে সেই স্তর থেকে ১০ গুণ গভীরে বিশুদ্ধ পানির স্তর। গাজার পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। প্রতিবেদনে ওই সংস্থা দু’টি আন্তর্জাতিক সম্প্রদায়, ফিলিস্তিন কর্তৃপক্ষ এবং দাতা সংস্থাগুলোর প্রতি গাজার জন্য আরো বেশি কিছু করার আহ্বান জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৯৫৫ ঘ.