কায়রো, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মুবারকের অবস্থাকে ‘অত্যন্ত সঙ্কটজনক’ বলে বর্ণনা করে জরুরি ভিত্তিতে তাকে কারা হাসপাতাল থেকে উন্নত হাসপাতালে পাঠানোর আর্জি জানিয়েছেন তার আইনজীবী ফরিদ আল দিব।
সোমবার ফরিদ রয়টার্সকে জানান, মুবারকের স্বাস্থ্যের অবনতি হচ্ছে, তার হৃদস্পন্দন অনিয়মিত হয়ে আছে।
গণআন্দোলন চলার সময় আন্দোলনকারীদের হত্যার নির্দেশ দানের অভিযোগে তৎকালীন প্রেসিডেন্ট মুবারককে অভিযুক্ত করে যাবজ্জীবন কারাদ-ে দ-িত করে আদালত। পুলিশকে গুলি চালানোর আদেশ দেওয়ার জন্য তাকে অভিযুক্ত করা হয়।
২ জুন রায় ঘোষণার পর থেকে দ-প্রাপ্ত মুবারককে কায়রোর উপকণ্ঠে তোরা কারাগারের হাসপাতালে রাখা হয়েছে।
এর আগে মিশরের কারা কর্তৃপক্ষ জানিয়েছিল, মুবারকের অবনতিশীল স্বাস্থ্যের কারণে বড় ছেলে আলাকে মুবারকের কাছাকাছি থাকার অনুমতি দেওয়ার জন্য তাদের অনুরোধ জানানো হয়েছে। মুবারকের ছেলে আলাও একই কারাগারে বন্দি রয়েছেন।
আইনজীবী ও পরিবারের পক্ষ থেকে মুবারককে হাসপাতালে স্থানান্তরের অনুরোধ জানানো হলেও এর কোনো জবাব দেয়নি সরকার।
এদিকে, মুবারকবিরোধীদের অভিযোগ মানুষের সহানুভূতি লাভের চেষ্টায় মুবারকের স্বাস্থ্যের অবনতির কথা বাড়িয়ে বলা হচ্ছে।
আইনজীবী দিব অভিযোগ করেছেন, জনতার প্রতিক্রিয়ার ভয়ে আইন মন্ত্রণালয় মুবারককে হাসপাতালে পাঠানোর অনুরোধে আমল দিচ্ছে না।
কারাগারের এক নিরাপত্তাসূত্র জানিয়েছে, সোমবার মুবারকের হৃদস্পন্দন কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে ছিল। চিকিৎসকদের চেষ্টায় তা আবার স্বাভাবিক হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৪৭ ঘ.
bdnews24