ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী অক্টোবরে ভেনেজুয়েলায় অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতা করার উদ্দেশ্যে নাম নিবন্ধন করেছেন প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ।
রাজধানী কারাকাসের নির্বাচনী অফিসে প্রবেশের আগে শ্যাভেজ বাইরে অপেক্ষমাণ হাজার হাজার সমর্থকদের সঙ্গে যোগ দেন। এক বছর আগে শরীরে ক্যান্সার সনাক্ত হওয়ার পর শ্যাভেজ সমর্থকদের এটাই বৃহত্তম জমায়েত। সমাবেশে সমর্থকদের সামনে নেচে গেয়ে তিনি নির্বাচনে লড়াই করে জেতার প্রতিশ্রুতি দেন বলে বিবিসি জানায়।
“কঠিন একটি বছর যাচ্ছে। এই জীবনের জন্য আমি ঈশ্বরকেধন্যবাদ জানাই,” বলেন তিনি।
এক মাস আগে চিকিৎসা শেষে কিউবা থেকে ফেরার পর জনসম্মুখে শ্যাভেজকে কমই দেখা গেছে। একটি ট্রাকের ওপর জাতীয় পতাকার রঙয়ের পোষাক পরে নিবন্ধিত করতে আসেন তিনি। এ সময় শহরের রাজপথের দুইপাশে জড়ো হওয়া সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি।
নিবন্ধন শেষে নির্বাচনী দপ্তরের বাইরের একটি চত্বরে উপস্থিত সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩০০ ঘ.
bdnews24