২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় বিদ্রোহীদের ওপর হেলিকপ্টার হামলা

সিরিয়ার হোমস এলাকায় সোমবার বিদ্রোহীদের ওপর হেলিকপ্টার থেকে হামলা চালানো হয়েছে বলে জাতিসংঘের পর্যবেক্ষকেরা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2012, 04:47 AM

Updated : 24 Aug 2022, 11:32 AM

বৈরুত, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার হোমস এলাকায় সোমবার বিদ্রোহীদের ওপর হেলিকপ্টার থেকে হামলা চালানো হয়েছে বলে জাতিসংঘের পর্যবেক্ষকেরা জানিয়েছেন। এক বিবৃতিতে জাতিসংঘের মুখপাত্র সুসান ঘোশেহ বলেন, “হোমস শহরের উত্তরে রাস্তান ও তালবিসেহ এলাকায় কামান, মর্টার হামলা, হেলিকপ্টার থেকে গোলাগুলি, মেশিন গান ও ছোট ছোট অস্ত্র নিয়ে তীব্র সহিংসতার কথা জানিয়েছে জাতিসংঘ পর্যবেক্ষকরা। “তারা হোমস শহরে নারী ও শিশুসহ বিপুল সংখ্যক বেসামরিক জনগণের আটকে পড়ার খবরও পেয়েছেন। আটকেপড়াদের উদ্ধারে মধ্যস্ততা করার চেষ্টা করছে জাতিসংঘ পর্যবেক্ষকেরা।” বেসামরিক জনগণের নিরাপত্তা ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা নিশ্চিতের দাবিতে ফ্রি সিরিয়ান আর্মি কয়েকজন সেনাসদস্যকে আটক করেছে বলেও জাতিসংঘ পর্যবেক্ষরা জানিয়েছে। আসাদের অনুগত বাহিনী বিদ্রোহীদের ওপর হেলিকপ্টার থেকে হামলা চালাচ্ছে- বারবার বিদ্রোহীদের এমন দাবি প্রথমবারের মতো যাচাই করেছে জাতিসংঘের পর্যবেক্ষকেরা। সিরিয়াতে একমাত্র সরকারের কাছেই হেলিকপ্টার রয়েছে। হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ ও আরব লিগের বিশেষ প্রতিনিধি কফি আনান। এক বিবৃতিতে তার মুখপাত্র আহমদ ফাওজি বলেন, “হোমসে সাম্প্রতিক গোলা হামলা এবং হাফফে শহরে মর্টার, হেলিকপ্টার ও ট্যাঙ্ক হামলার ঘটনায় বিশেষভাবে উদ্বিগ্ন আনান।” এ শহরগুলোতে বিপুল সংখ্যক বেসারমরিক লোকের আটকে পড়ার ইঙ্গিত রয়েছে উল্লেখ করে এতে আরো বলা হয়, “বেসামরিক জনগণের যাতে কোন ক্ষতি না হয় তা নিশ্চিত করতে সব পক্ষের প্রতি দাবি জানিয়েছেন তিনি।” এদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলার ঘটনায় দেশটিতে আরো একটি ‘সম্ভাব্য গণহত্যার’ আশঙ্কা প্রকাশ করেছে বলে মন্ত্রণালয়ের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১০৪৩ ঘ.