ত্রিপোলি, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যথাসময়ে প্রস্তুতি সম্পন্ন করতে না পারায় লিবিয়ার ঐতিহাসিক সাধারণ নির্বাচন ১৮ দিন পিছিয়ে দেওয়া হয়েছে। প্রায় অর্ধশতাব্দী পর দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামী ১৯ জুন দেশটিতে ২শ’ আসনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, পর্যাপ্ত প্রস্তুতির অভাবকে কারণ দেখিয়ে তা পিছিয়ে দেওয়া হয়েছে। নির্বাচনের নতুন নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৭ জুলাই।
প্রধান নির্বাচন কমিশনার নুরি আল আব্বার এক সংবাদ সম্মেলনে বলেন, “নির্বাচন স্থগিতের কোনো পরিকল্পনাই আমাদের কখনো ছিল না। পূর্বনির্ধারিত সময়েই আমার নির্বাচন অনুষ্ঠান করবো বলে কঠোর পরিশ্রম করেছি।”
প্রধান নির্বাচন কমিশনার আরো বলেন, “নির্বাচন স্থগিতের জন্য আমি কারো ওপর দায় চাপাতে চাই না। আমি শুধু এটুকুই নিশ্চিত করতে চাই যে, নির্বাচন হবে স্বচ্ছ।”
তিনি আরো জানান, নির্বাচন অনুষ্ঠানের প্রধান বিষয় হচ্ছে, ভোটার তালিকা এবং গাদ্দাফি সংশ্লিষ্ট কেউ যেন নির্বাচনে অংশ নিতে না পারে সেই বিষয়টি নিশ্চিত করা। কিন্তু পূর্বনির্ধারিত সময়ে তা সম্পন্ন করা প্রায় অসম্ভব ছিল।
তিনি বলেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে এই কমিশনকে খুব অল্প সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব দেওয়া হয়।
সাংবিধানিক পরিষদ নির্বাচনের লক্ষ্যেই লিবিয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই পরিষদের অধীনেই সংবিধান প্রণীত হবে, যার মধ্যদিয়ে দেশটি আনুষ্ঠানিকভাবে গাদ্দাফির একনায়কতন্ত্রের অবসান ঘটিয়ে গণতন্ত্রে উন্নীত হবে।
১৯৫২ সালে লিবিয়ায় বাদশা ইদ্রিসের শাসনামলে সর্বশেষ বহুদলীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু এরপর লিবিয়ার রাষ্ট্রক্ষমতা দখল করেন কর্নেল মুয়াম্মার গাদ্দাফি। তার ৪২ বছরের শাসনামলে সরাসরি নির্বাচন অনুষ্ঠান নিষিদ্ধ করে দেন। নির্বাচন বন্ধের কারণ হিসেবে গাদ্দাফি দাবি করেছিলেন, এটি একটি বুর্জোয়া ও গণতন্ত্রবিরোধী প্রক্রিয়া।
গত বছর লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির শাসনের অবসানের দাবিতে গণআন্দোলন শুরু হয়। কিন্তু গণদাবির মুখে ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানান গাদ্দাফি। এরই ফলশ্রুতিতে দেশটিতে গৃহযুদ্ধ বেধে যায়। অবশেষে ন্যাটোর সহযোগিতায় বিদ্রোহীরা দেশের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিতে সক্ষম হয়। আর ক্ষমতাচ্যুত গাদ্দাফি বিদ্রোহীদের হাতে নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪২৮ ঘ.
bdnews24