২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপোলিয়নের বিরল চিঠি নিলামে

ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের ইংরেজিতে লেখা একটি বিরল চিঠি রোববার প্যারিসে নিলামে ৩ লাখ ২৫ হাজার ইউরোতে বিক্রি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2012, 04:28 AM

Updated : 24 Aug 2022, 11:32 AM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের ইংরেজিতে লেখা একটি বিরল চিঠি রোববার প্যারিসে নিলামে ৩ লাখ ২৫ হাজার ইউরোতে বিক্রি হয়েছে। ১৮১৬ সালের ৯ মার্চ মাসে দক্ষিণ আটলান্টিকের সেইন্ট হেলেনায় নির্বাসিত থাকাকালীন লিখেছিলেন বলে নিলামকারী প্রতিষ্ঠান ওসেনাটের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে। নির্বাসিত জীবনে নেপোলিয়ন তার সঙ্গী কাউন্ট লাস চেসেসের উদ্দেশ্যে ইংরেজিতে এক পৃষ্ঠার এই চিঠিটি লিখেন। চিঠিটি প্যারিসের চিঠি ও পান্ডুলিপি বিষয়ক একটি ব্যক্তিমালিকানাধীন জাদুঘরে সংরক্ষিত ছিল। নিলামে তোলার সময় ধারণা করা হয়েছিল এটির মূল্য সর্বোচ্চ ৬০ থেকে ৮০ হাজার ইউরো হতে পারে। লাস চেসেস তার ‘সেইন্ট হেলেনার স্মৃতিকথা’ নামক গ্রন্থে উল্লেখ করেছেন, নির্বাসিত কারাজীবনের কয়েক সপ্তা আগে নেপোলিয়ন ইংরেজি ভাষা চর্চা শুরু করেছিলেন। তিনি আরো উল্লেখ করেন, “সম্রাট (নেপোলিয়ন) অনিদ্রাজনিত রোগের কারণে রাতে ঘুমাতেন না। তিনি ঠিক করলেন যে, আমাকে ইংরেজিতে নতুন একটি চিঠি লিখবেন।” চেসেস আলো জানান, “তিনি আমার কাছে খামবন্ধ অবস্থায় চিঠিটি পাঠালেন, আমি তাতে কিছু সংশোধন করি এবং তাকে ইংরেজিতে ডাকযোগে প্রত্যুত্তর পাঠাই। তিনি আমার চিঠি বুঝতে পেরেছিলেন এবং তাতে তিনি তার নতুন ভাষা শিক্ষার অগ্রগতি সম্পর্কে উপলব্ধি করতে সক্ষম হয়েছিলেন।” নেপোলিয়ন বোনাপার্ট ১৮১৫ সালে ওয়াটার লুতে যুক্তরাজ্যের কাছে যুদ্ধে পরাজয় বরণ করেন। এরপর তাকে বন্দি করা হয় এবং পরবর্তী সময়ে সেইন্ট হেলেনায় নির্বাসনে পাঠানো হয়। সেখানেই ১৮২১ সালে ৫১ বছর বয়সে মারা যান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০১৯ ঘ.