ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোহিঙ্গা ও রাখাইনদের মধ্যে দাঙ্গার পর বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন প্রদেশে মিয়ানমার সরকার জরুরি অবস্থা জারি করেছে।
রোববার মিয়ানমারের প্রেসিডেন্ট থেন সেইন রাখাইন প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেন বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়।
মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশন এমআরটিভি বলেছে, অস্থিরতা ও সন্ত্রাসী হামলা বাড়তে থাকায় ওই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
তবে দেশটির রাষ্ট্রায়াত্ত সংবাদপত্র নিউ লাইট অফ মিয়ানমারের খবর, রাখাইন প্রদেশে পরিস্থিতি শান্ত হয়ে আসছে।
গত মাসে এক নারীকে ধর্ষণ ও হত্যার পর রাখাইন প্রদেশের তাংগোকে শহরে বৌদ্ধদের হামলায় ১০ মুসলিম নিহত হয়। তারপর থেকে উত্তেজনা চলছিল।
এরই এক পর্যায়ে গত শুক্রবার মংডু জেলায় সংখ্যালঘু মুসলিম ও বৌদ্ধদের মধ্যে দাঙ্গা বাঁধে। এতে এই পর্যন্ত ১৭ জন নিহত এবং কয়েকশ’ বাড়ি-ঘর ভাংচুর হয়
সহিংসতা থামাতে ওই প্রদেশের চারটি শহরে সান্ধ্য আইন জারি করা হয়েছিল। এর পর দীর্ঘ সামরিক শাসনে থাকা এই রাষ্ট্রের ওই প্রদেশে জরুরি অবস্থা জারির ঘোষণা এল।
নিউ লাইট অফ মিয়ানমারের খবরে বলা হয়েছে, সংঘাতপ্রবণ অঞ্চলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী স্থানীয় প্রশাসনকে সাহায্য করছে।
বৌদ্ধ ধর্মাবলম্বী রাষ্ট্র মিয়ানমারে মুসলিমরা সংখ্যালঘিষ্ঠ। ’৯০ এর দশকের শুরুতেই সেখানে মুসলিমদের ওপর দমন-পীড়ন শুরু হলে প্রায় ৫ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়।
মিয়ানমারের পশ্চিমাঞ্চলে বাংলাদেশ সীমান্তে বসবাসরতরা বহির্বিশ্বে রোহিঙ্গা হিসেবে পরিচিত হলেও দেশটির সরকার তাদের আদিবাসী কিংবা রোহিঙ্গা পরিচয় মানতে নারাজ। তাদের দাবি, এরা ‘বাঙালি’।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/২২৪৮ ঘ.
bdnews24