কাবুল, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের আবাসিক এলাকায় ন্যাটো আর কোনো বিমান হামলা পরিচালনা করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাই।
বুধবার ন্যাটো পরিচালিত এক বিমান হামলায় এক বিয়ের আসরে উপস্থিত নারী ও শিশুসহ ১৮ বেসামরিক আফগানের মৃত্যুর পর দেশটিতে বিদেশী বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ওই প্রেক্ষিতে শনিবার প্রেসিডেন্ট কারজাই এ ঘোষণা দিলেন।
লোগার প্রদেশের ওই হামলার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন আফগানিস্তানে নিযুক্ত ন্যাটো বাহিনীর প্রধান জেনারেল জন অ্যালান। হামলার ঘটনার পূর্ণ তদন্তের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
শনিবার রাতে আফগান প্রেসিডেন্টের দপ্তরেে ক প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, ওই ইস্যু নিয়ে হাদিম কারজাই সাে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রেয়ান ক্রক্কার ও ন্যাটো প্রধান জেনারেল অ্যালানের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে বেসামরিক নাগরিকদের ওপর হামলার ঘটনাকে যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের মধ্যে সম্পাদিত কৌশলগত সহযোগিতা চুক্তির বরখেলাপ বলে অভিযোগ করেন কারজাই।
বিবৃতিতে বলা হয়, “ন্যাটোর সেনানায়ক অ্যালান লোগার প্রদেশের বারকি বারাক জেলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় আবারো ক্ষমা প্রার্থনা করেন এবং প্রেসিডেন্ট কারজাইয়ের সঙ্গে একমত পোষণ করেন। ন্যাটো আবাসিক এলাকায় আর কোনো বিমান হামলা চালাবে না বলে এ সময় তিনি প্রতিশ্রুতি দেন।”
হামলার পর প্রাথমিক বিবৃতিতে ন্যাটো দাবী করেছিল, এক তালেবান কমান্ডারকে আটক করতে গিয়ে গুলিবর্ষণের মুখে পড়ে ন্যাটো ও আফগান সেনাদের যৌথ বাহিনী। এ সময় আকাশ হামলা চালানোর জন্য ন্যাটো কমান্ডের প্রতি অনুরোধ জানানো হয়।
বিবৃতিতে আরো দাবী করা হয়, বিমান হামলায় বেসামরিক দুই নারী সামান্য আহত হলেও উল্লেখযোগ্য সংখ্যক তালেবান জঙ্গি নিহত হয়।
কিন্তু পরে গ্রামবাসীরা বিধ্বস্ত দু‘টি ভবনে নিহত নারী ও শিশুদের লাশ প্রদর্শন করলে ঘটনা তদন্তের নির্দেশ দেয়া হয়েছে বলে জানায় ন্যাটো।
হামলায় নিহত ১৮ জনের মধ্যে নবজাতকসহ ৯টি শিশু, ৫ জন নারী ও ৩ জন বয়স্ক পুরুষ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
কারজাইয়ের মুখ্য মুখপাত্র আইমাল ফাইজি জানান, ভূমিতে অবস্থান করা আফগান বাহিনীর সঙ্গে কোনো সমন্বয় না করেই বিমান হামলাটি চালানো হয়।
ঘটনাস্থলে আফগান বাহিনী ভবন দু‘টি ঘিরে ছিল। যদি ওই ভবন থেকে গুলিবর্ষণ করা হতো তাহলে আফগান বাহিনীই তার শিকার হতো, বলেন তিনি।
“কয়েক মিনিটের ধৈর্য্যে অনেকগুলো নিরপরাধ প্রাণ বাঁচানো যেত,“ বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৯৩০ ঘ.
bdnews24