২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দাঙ্গার পর মিয়ানমারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের সঙ্গে রাখাইন বৌদ্ধদের দাঙ্গায় সাতজন নিহত হওয়ার পর শনিবার রাখাইন প্রদেশে সেনা ও নৌবাহিনীর জাহাজ মোতায়েন করেছে মিয়ানমার সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2012, 10:08 AM

Updated : 24 Aug 2022, 11:31 AM

সিত্তুয়ি, মিয়ানমার, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের সঙ্গে রাখাইন বৌদ্ধদের দাঙ্গায় সাতজন নিহত হওয়ার পর শনিবার রাখাইন প্রদেশে সেনা ও নৌবাহিনীর জাহাজ মোতায়েন করেছে মিয়ানমার সরকার। শুক্রবারের ওই দাঙ্গা গত কয়েক বছরের মধ্যে রোহিঙ্গা ও রাখাইনদের মধ্যে সংঘটিত সবচেয়ে মারাত্মক সংঘর্ষ। মিয়ানমার সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার কয়েকশত রোহিঙ্গা দলবদ্ধ হয়ে বৌদ্ধদের ওপর হামলা করে। এরপর ঘটনাস্থল মংডু শহরে রাতে কারফিউ জারি করা হয়। দাঙ্গার সূত্রপাত সম্পর্কে পরিষ্কার কোনো কিছু না জানা গেলেও কিছুদিন ধরে মংডুর পশ্চিম এলাকায় উত্তেজনা বিরাজ করছিল বলে জানা গেছে। এক রাখাইন নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় রোহিঙ্গাদের দায়ী করে রাখাইনরা। এর জের ধরে গত রোববার রাখাইনদের প্রতিশোধমূলক হামলায় ১০ রোহিঙ্গা নিহত হয়। রাষ্ট্রিয় টেলিভিশনের খবরে জানানো হয়, মংডুর পার্শ্ববর্তী নদী ও সাগরে নৌবাহিনীর টহল জাহাজ মোতায়েন করা হয়েছে। ত্রাণ কার্যক্রম ও নিরাপত্তা অভিযান তদারকির জন্য প্রতিরক্ষামন্ত্রী জেনারেল হ্লা মিনসহ উর্ধ্বতন কর্মকর্তাদের মংডুতে পাঠানো হয়েছে। শনিবার সেনা বহনকারী চারটি বিমানকে সিত্তুয়ি বিমানবন্দরে নামতে দেখেছেন স্থানীয় অধিবাসী ও রয়টার্সের সাংবাদিকরা। টেলিভিশনের খবরে আরো জানানো হয়, দাঙ্গায় ৭ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। এছাড়া মংডুর প্রায় ৫‘শ ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে। মিয়ানমারের প্রেসিডেন্ট দপ্তরের পরিচালক হমু জাও তার ফেইসবুক একাউন্টে জানিয়েছেন, মংডু শহরের ডজনখানেক রাখাইন গ্রামে কয়েকশত রোহিঙ্গা হামলা চালায়। হতাহতের কোনো উল্লেখ না করে তিনি জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকাগুলি বর্ষণ করেছে । রাষ্ট্রিয় টেলিভিশনেও পুলিশের ফাঁকাগুলি বর্ষণের কথা স্বীকার করা হয়। মংডু থেকে ফোনে স্থানীয় একজন জানান, কার্ফু সত্বেও রাতে রাখাইনদের বাড়িঘরে রোহিঙ্গারা হামলার চেষ্টা চালিয়েছে। শনিবার মংডু ও আশপাশের এলাকাগুলোর পরিস্থিতি শান্ত ছিল বলে জানা গেছে। তবে স্থানীয় বৌদ্ধ সংগঠন আরাকান ন্যাশনাল ওয়াচ জানিয়েছে, বাংলাদেশের সীমান্তবর্তী কয়েকটি গ্রামে রাতে সংঘর্ষের ঘটনায় কয়েকজন নিহত হয়েছেন। টেলিফোনে রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী জানান, শুক্রবার জুমার নামাজের পর রোহিঙ্গারা জোটবদ্ধ হয়ে রাখাইন এলাকাগুলোতে হামলা চালায়। তারা পাথর নিক্ষেপ করে ও রাখাইনদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। রোহিঙ্গারা মূলত রাষ্ট্রহীন জাতি। মিয়ানমার বা প্রতিবেশি বাংলাদেশ রোহিঙ্গাদের নিজেদের নাগরিক বলে স্বীকার করে না। মিয়ানমার সরকার ও বার্মিজ জাতির অনেকেই তাদের ‘রোহিঙ্গা’ বলেও স্বীকার করে না, তাদের ‘বাঙালি’ হিসেবে চিহ্নিত করে। জাতিসংঘের উদ্বাস্তু সংস্থার দেওয়া পরিসংখ্যান অনুযায়ি, বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন প্রদেশের তিনটি জেলায় প্রায় ৮ লাখ রোহিঙ্গার বসবাস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৬০৩ ঘ.