২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলো নিতে রাজি হননি শচীন

ভারতীয় পার্লামেন্টের উচ্চ কক্ষ ‘রাজ্য সভা’র সদস্য হিসেবে বরাদ্দকৃত বাংলো নিতে রাজি হননি দেশটির বিশ্বখ্যাত ক্রিকেটার শচীন টেন্ডুলকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2012, 01:27 PM

Updated : 24 Aug 2022, 11:31 AM

নয়া দিল্লি, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় পার্লামেন্টের উচ্চ কক্ষ ‘রাজ্য সভা’র সদস্য হিসেবে বরাদ্দকৃত বাংলো নিতে রাজি হননি দেশটির বিশ্বখ্যাত ক্রিকেটার শচীন টেন্ডুলকার। তিনি বাংলো বরাদ্দ নিলে তা করদাতাদের অর্থের অপচয় হবে বলে মন্তব্য করেছেন এই কিংবদন্তী। একটি সংবাদভিত্তিক ভারতীয় টিভি চ্যানেলকে তিনি বলেছেন, “মাত্র কয়েকদিনের জন্য দিল্লিতে অবস্থানকালে আমি কোন সরকারি বাংলোয় থাকতে আগ্রহী না। আমার মনে হয় এতে করদাতাদের অর্থের অপচয় হবে। বরং, আমার চেয়ে প্রয়োজন বেশি এমন কাউকে বাংলোটি বরাদ্দ দেওয়া উচিত।” দিল্লিতে এসে তিনি কোন হোটেলে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করবেন বলে জানিয়েছেন শচীন। তিনি বলেছেন, “সরকারি বাংলো বরাদ্দের মত সুযোগ-সুবিধার চেয়ে রাজ্যসভার সদস্য মনোনীত হওয়ার সম্মানটিকেই আমি বড় করে দেখি।” তিনি আরো বলেছেন, “সরকারি বাংলো না নেওয়ায় রাজ্য সভার সদস্য হিসেবে আমার দায়িত্ব পালনে কোন হেরফের হবেনা। আশা করি, প্রতি পার্লামেন্ট অধিবেশনেই আমি কয়েকদিন উপস্থিত থাকব।” টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে। সাফল্যমন্ডিত ক্রিকেট ক্যারিয়ার ও লোভনীয় স্পন্সরশিপের কারণে ইতোমধ্যে শত শত কোটি টাকার মালিক ভারতীয় এই ক্রিকেটার। টেন্ডুলকার সোমবার পার্লামেন্টের উচ্চ কক্ষের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। সাধারণ নাগরিকদের মধ্য থেকে বিশিষ্ট ব্যক্তিদের জন্য সংরক্ষিত আসনে এমপি মনোনীত হয়েছেন তিনি। এই প্রথম ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষে কোন সক্রিয় খেলোয়াড় এমপি হিসেবে মনোনয়ন পেলেন। শপথ গ্রহণের সময় শচীন জানান, তিনি এখনো তার খোলোয়াড় জীবনের প্রতিই পুরোপুরি মনোযোগী থাকবেন। তবে খেলোয়াড় হিসেবে অবসর গ্রহণের পর পার্লামেন্টের সঙ্গে তিনি কতটা জড়িত থাকবেন তা এখনো অনিশ্চিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/২১১৫ ঘ.