২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ৪ ফরাসি সেনা নিহত

আফগানিস্তানে তালেবান বিদ্রোহীদের হামলায় শনিবার চার ফরাসি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2012, 11:21 AM

Updated : 24 Aug 2022, 11:31 AM

কাবুল, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে তালেবান বিদ্রোহীদের হামলায় শনিবার চার ফরাসি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন। গত কয়েক মাসের মধ্যে এটি ফরাসি সেনাদের ওপর চালানো সবচেয়ে প্রাণঘাতী হামলা। পূর্ব আফগানিস্তানের পর্বতঘেরা কাপিসা প্রদেশে হামলার এ ঘটনা ঘটে। ন্যাটোর অধীনে মূলত ফরাসি সেনারা প্রদেশটির নিরাপত্তা ব্যবস্থা দেখভাল করে। হামলার বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা না গেলেও প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলান্দের দপ্তর থেকে হামলায় নিহতরা ফরাসি সেনা বলে নিশ্চিত করা হয়েছে। ফরাসি প্রেসিডেন্টের দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়, আহত পাঁচ সেনার মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। ফরাসি সেনা নিহত হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফরাসি প্রতিরক্ষামন্ত্রী জ্য যুভেস ড্রিয়ানকে আফগানিস্তানে পাঠিয়েছেন প্রেসিডেন্ট ওলান্দ। কাপিসা প্রদেশের পুলিশ প্রধান আব্দুল রহমান জানিয়েছেন, নিজরাব জেলায় ফরাসি সেনাদের ওপর আত্মঘাতী হামলা করেছে বিদ্রোহীরা। এক ই-মেইল বার্তায় হামলার দায়িত্ব স্বীকার করেছে তালেবান। ন্যাটোর অধীনে আফগানিস্তানে ৩ হাজার ৪‘শ ফরাসি সেনা মোতায়েন আছে। চলতি বছরের শেষ নাগাদ অধিকাংশ সেনা সদস্য ফিরিয়ে নেয়ার পরিকল্পনা নিয়েছে ফ্রান্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৭০০ ঘ.