আবিদজান/জাতিসংঘ, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আইভরি কোস্টে জাতিসংঘের সাত শান্তিরক্ষী এক চোরাগোপ্তা হামলায় নিহত হয়েছেন। নিহতরা সবাই নাইজেরীয় সেনা।
শুক্রবার লাইবেরিয়া সীমান্তে টহল দেওয়ার সময় তাদের ওপর চোরাগোপ্তা হামলা চালানো হয় বলে জাতিসংঘ জানিয়েছে।
কারা শান্তিরক্ষীদের ওপর হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কিছু জানা যায়নি। হামলায় শান্তিরক্ষীদের সঙ্গে টহলরত আইভরিয়ান কোনো সেনা আহত হয়েছে কিনা সে সম্পর্কেও কিছু জানা যায়নি।
জাতিসংঘ জানিয়েছে, পারা ও তাই শহরের বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যসম্প্রতি জাতিসংঘ শান্তিমিশনের পক্ষ থেকে ওই এলাকায় আন্তর্জাতিক শান্তিরক্ষীর সংখ্যা বৃদ্ধি করা হয়।
লাইবেরিয়া সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে শান্তিরক্ষীদের ওপর হামলার ঘটনাটি ঘটে।
“প্রাথমিকভাবে পাওয়া খবরে জানা গেছে, এক চোরাগোপ্তা হামলায় সাতজন জাতিসংঘ শান্তিরক্ষী নিহত হয়েছেন। নিহতরা সবাই নাইজেরিয়া থেকে আগত,” বলেন আইভরি কোস্ট শান্তি মিশন ‘ইউএনওসিআই’র মুখপ্রাত্র ভ্যান ডার ওয়াইল্ডেনবার্গ।
আইভরি কোস্টে শান্তিরক্ষা মিশনের সদস্য নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ করেছেন জাতিসংঘ মাহাসচিব বান কি মুন।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, “ঘটনাস্থলে যে শান্তিরক্ষীরা এখনও আছেন তারাও বিপদজনক পরিস্থিতিতে আছেন।হামলাকারী ওই সশস্ত্র গোষ্ঠীর হাত থেকে দুর্গম ওই অঞ্চলের গ্রামবাসীদের রক্ষার জন্য সেখানে এখনও ৪০ জনেরও বেশি শান্তিরক্ষী অবস্থান করছেন।”
এছাড়া, জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলার কঠোর নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪০৫ ঘ.
bdnews24