বৈরুত, জুন ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার মাজরাত আল-কুবেইর গ্রামের বাতাসে পোড়া মাংসের গন্ধ ভেসে বেড়াচ্ছে। আর গ্রামের সর্বত্র ছড়িয়ে রয়েছে মানব দেহের বিভিন্ন অংশ।এলাকাটি পরিদর্শন করে দেশটিতে থাকা জাতিসংঘ পর্যবেক্ষকরা শুক্রবার একথা জানান।
দু’দিন আগে প্রায় দেড়শ’ মানুষ অধ্যুষিত এই গ্রামে গণহত্যা চালানো হয়। এতে নিহত হয় অন্ততপক্ষে ৭৮জন।
গ্রামটি পরিদর্শন শেষে দামেস্কতে ফেরার পথে জাতিসংঘের মুখপাত্র সোসান ঘোশেহ সাংবাদিকদের বলেন, “রকেট হামলায় একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রামের ভিতরে ও বাইরে লাশের গন্ধ পাওয়া যাচ্ছে এবং মানুষের শরীরের বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।”
পর্যবেক্ষকদের সঙ্গে থাকা বিবিসি’র এক প্রতিবেদক জানান, ‘ভয়াবহ অপরাধ’ যে ঘটেছে তা স্পষ্ট।
একটা বাড়ির মেঝেতে ‘মস্তিষ্কের কিছু অংশ’ ছড়িয়ে থাকতে দেখেন তিনি।
গ্রামটি এখন জনশূন্য। তবে ঘটনার বর্ণনা দিতে আশপাশের গ্রাম থেকে আসা লোকজন সেখানে ছিল।
রেডক্রস জানায়, নিরাপত্তাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে আরো কোনো সংঘর্ষের আশঙ্কায় সিরিয়ার প্রচুর বেসামরিক জনগণ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে শুরু করেছে।
মাজারাত আল-কুবেইর এবং গত ২৫ মে হউলা শহরে সংঘঠিত হত্যাকা-ের নিন্দা জানিয়েছে সিরিয়ার সরকার। তারা এ ঘটনার জন্য সন্ত্রাসীদের দোষারোপ করেছে।
এদিকে শুক্রবারও সিরিয়ায় বিক্ষোভ ও সংঘর্ষ অব্যাহত রয়েছে।
স্থানীয় অধিবাসী ও বিদ্রোহীরা জানায়, দামেস্কতে নিরাপত্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে গোলাগুলি হয়।
সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, এর আগে দামেস্কতে নিরাপত্তা কর্মীদেরকে বহনকারী একটি গাড়িকে লক্ষ করে গাড়ি বোমা হামলা চালানো হয়। এতে দুজনের মৃত্যু হয়েছে।
আর ইদলিব শহরে পুলিশ বিভাগকে লক্ষ করে চালানো অপর গাড়ি বোমা হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে।
এদিকে, সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর দেরায় রাতভর শেল হামলায় ১০ নারীসহ অন্ততপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। আর এ ঘটনার পর শহরটিতে সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে লড়াই শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩৪২ ঘ.
bdnews24