ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানের সার ই পোল প্রদেশের এক কারাগারে হামলা চালিয়ে তালেবান জঙ্গিরা বিদ্রোহীসহ ১৪ জন বন্দিকে মুক্ত করে নিয়ে গেছে। এ সময় তিন বন্দি নিহত হয়েছে বলে জানিয়েছেন আফগান কর্মকর্তারা।
বৃহস্পতিবার ভোররাতে কারাগারটিতে হামলা করে তালেবান জঙ্গিরা। এ সময় জঙ্গিদের সঙ্গে কারারক্ষীদের বন্দুকযুদ্ধে অন্তত ২৮ জন আহত হয় বলে জানিয়েছে বিবিসি।
হামলার সময় প্রায় ৩০ জন বন্দি পালিয়ে যায়। তবে আফগান নিরাপত্তা কর্মকর্তারা ১৬ জন বন্দিকে পুনরায় আটক করেছেন বলে দাবী করেন।
হামলার দায় স্বীকার করে ১৭০ জন বন্দিকে মুক্ত করার দাবি করেছে তালেবান।
স্থানীয় এক গণমাধ্যম জানায়, শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটিয়ে কারাগারের একটি দেওয়াল ধসিয়ে দেয় তালেবান জঙ্গিরা। এরপর তিনদিক থেকে সম্মিলিত আক্রমণ চালায় তারা।
এ সময় নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তালেবানদের বন্দুক যুদ্ধ শুরু হয়। বন্দুকযুদ্ধে তিন কারাবন্দি নিহত হয়।
সার ই পোল প্রদেশের গভর্নর বিবিসি’র প্রতিনিধিকে জানান, কারাগার থেকে যারা পালিয়ে গেছে তাদের মধ্যে অপরাধী, তালেবান বিদ্রোহী ও তালেবান কমান্ডাররা আছেন। তবে কোনো আলোচিত কারাবন্দি জঙ্গি পালাতে পারেননি বলে দাবি করেছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/২০৪৮ঘ.
bdnews24