২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাধারণ আফগানদের হত্যার ঘটনায় ক্ষমা চাইলো ন্যাটো

আকাশ হামলায় আফগানিস্তানে বেসামরিক নাগরিক নিহত হওয়ায় শুক্রবার ক্ষমা প্রার্থনা করেছেন দেশটিতে মোতায়েন ন্যাটো বাহিনী প্রধান জেনারেল জন অ্যালান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2012, 07:08 AM

Updated : 24 Aug 2022, 11:31 AM

কাবুল, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আকাশ হামলায় আফগানিস্তানে বেসামরিক নাগরিক নিহত হওয়ায় শুক্রবার ক্ষমা প্রার্থনা করেছেন দেশটিতে মোতায়েন ন্যাটো বাহিনী প্রধান জেনারেল জন অ্যালান। গত বুধবার ভোরে লোগার প্রদেশের বারাকি বারাক জেলায় ওই হামলাটি হয়। একটিবিয়ের অনুষ্ঠানে সমবেত অতিথিদের ওপর চালানো ওই হামলায় নারী ও শিশুসহ ১৮ জন বেসামরিক আফগান নিহত হয়। শুক্রবার জেনারেল অ্যালান লোগার প্রদেশে উপস্থিত হয়ে গভর্নরসহ স্থানীয় প্রতিনিধিদের কাছে বেসামরিক নাগরিকদের হত্যার জন্য ক্ষমা প্রার্থনা করেন। ন্যাটোর নেতৃত্বাধীন ‘ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ফোর্স’ (আইএসএএফ) প্রকাশিত এক বিবৃতিতে জেনারেল অ্যালান বলেন, “আমরা বেসামরিক নাগরিকদের লক্ষ্য করিনি। আমাদের বাহিনী নির্দিষ্ট ভবনটির কাছে যাওয়া মাত্রই সেখান থেকে গুলিবর্ষণ করা হতে থাকে। আফগান ও যুক্তরাষ্ট্রের সেনাদের সমন্বয়ে একটি বড় সেনাদল সেখানে গোলাগুলির মুখে পড়ে যায়। এ সময় নিক্ষিপ্ত একটি হাত বোমায় আমাদের তিনজন সেনা আহত হয়।” “যৌথবাহিনী ভবন থেকে গুলিবর্ষণরতদের বের হয়ে আসার নির্দেশ দিলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে আর এ সময় নিরপরাধ মানুষজন নিহত হয়,” বলেন তিনি। “কীভাবে এ ঘটনা ঘটলো আমরা তা তদন্ত করে দেখছি। পাশাপাশি এ ঘটনায় কতজন হতাহত হয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে। আমি ঘটনার জন্য আজ এখানে উপস্থিত গভর্নরসহ আফগান প্রতিনিধিদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। ঘটনার গভীর তদন্ত করা হবে বলে আমি আপনাদের আশ্বস্থ করছি” বলেন জেনারেল অ্যালান। এর আগে ‘আইএসএএফ’র পক্ষ থেকে লোগার প্রদেশের ওই অভিযানে অনেক তালেবান বিদ্রোহী নিহত হয়েছে বলে দাবি করা হয়েছিল। কিন্তু ধ্বংস করা ভবন দু’টিতে কোনো তালেবান ছিল না বলে ক্ষুব্ধ গ্রামবাসীরা অভিযোগ করে। এ ঘটনার প্রতিক্রিয়ায় বিদেশি সেনাদের বিরুদ্ধে আফগানিস্তান জুড়ে প্রচ- ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩০০ ঘ.