২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে নতুন সংবিধানিক পরিষদ গঠনে সমঝোতা

মিশরের নতুন সংবিধান তৈরির জন্য ১০০ সদস্য বিশিষ্ট পরিষদ সদস্যদের নির্বাচন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হয়েছে। এতে পরিষদ গঠন নিয়ে কয়েক সপ্তাহের চলমান অচলাবস্থার অবসান হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2012, 11:46 AM

Updated : 24 Aug 2022, 11:30 AM

ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিশরের নতুন সংবিধান তৈরির জন্য ১০০ সদস্য বিশিষ্ট পরিষদ সদস্যদের নির্বাচন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হয়েছে। এতে পরিষদ গঠন নিয়ে কয়েক সপ্তাহের চলমান অচলাবস্থার অবসান হয়েছে। বৃহস্পতিবার ২২ টি রাজনৈতিক দলের প্রতিনিধি ও ক্ষমতাসীন সামরিক পরিষদের প্রধানের মধ্যে আলোচনার পর বিষয়টি নিয়ে সমঝোতা চুক্তি হয়েছে বলে জানিয়েছে বিবিসি। সংবিধান তৈরির এই পরিষদে পার্লামেন্ট সদস্যদের জন্য বরাদ্দ আসনগুলোতেআগামী সপ্তাহে পার্লামেন্টের প্রতিনিধিদের নির্বাচিত করা হবে বলে ধারণা করা হচ্ছে। বার্তা সংস্থা এএফপি‘র বরাত দিয়ে বিবিসি জানায়, পরিষদের ১০০ টি আসনের মধ্যে পার্লামেন্টের নি¤œকক্ষে রাজনৈতিক দলগুলোর সদস্যদের জন্য ৩৯টি আসন বরাদ্দ রাখা হয়েছে। পিপলস অ্যাসেম্বলি নামে পার্লামেন্টের এই কক্ষে মুসলিম ব্রাদারহুডের ফ্রিডম ও জাস্টিস পার্টি ও ওহাবীপন্থী নূর পার্টির আধিপত্য রয়েছে। পরিষদে বিচারকদের জন্য ছয়টি আসন বরাদ্দ রাখা হয়েছে, আর আইনজ্ঞদের জন্য নয়টি আসন রাখা হয়েছে। সামরিক বাহিনী, পুলিশ ও আইন মন্ত্রাণালয়ের জন্য একটি করে আসন বরাদ্দ করা হয়েছে। মিশরের পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের জন্য ১৩ টি আসন রাখা হয়েছে। এর বাইরে মঙ্গলবার এক বৈঠকে দেশটির ২১ জন খ্যাতনামা ব্যক্তিকে পরিষদের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়া, খ্যাতনামা আল আযহার বিশ্ববিদ্যালয়ের জন্য পাঁচটি আসন ও কপটিক অর্থোডক্স চার্চের জন্য চারটি আসন বরাদ্দ করা হয়েছে। গৃহীত যে কোন সিদ্ধান্তে পরিষদের একতৃতীয়াংশ সদস্যের সমর্থন থাকতে হবে বলে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি ও সামরিক পরিষদের প্রধান মোহাম্মদ হুসেন তানতাবি একমত হয়েছেন। এর আগে সংবিধান তৈরির জন্য গঠিত পরিষদ থেকে উদারপন্থি ও ধর্মনিরপেক্ষতাবাদীরা বের হয়ে গেলে আদালত ওই পরিষদ বাতিল ঘোষণা করে। ৪৮ ঘন্টার মধ্যে সংবিধান তৈরির পরিষদের বিষয়ে কোনো সিদ্ধান্ত না হলে সামরিক বাহিনী এই দায়িত্ব তুলে নেবে বলে হুমকি দেওয়ার পর রাজনৈতিক দলগুলো সমঝোতায় পৌঁছতে একমত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭৩৩ঘ.