ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পেরুর দক্ষিণাঞ্চলে বিদেশি নাগরিকসহ একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে।
শুক্রবার পুলিশের বরাত দিয়ে বিবিসি এ খবর জানায়।
আমাজন অঞ্চলের মাদ্রে দে দিওস থেকে হেলিকপ্টারটি বিদেশি নাগরিকসহ বুধবার সন্ধ্যায় কুসকোর দিকে যাত্রা করলেও এটি কোথাও অবতরণ করেছে কি না সে সম্পর্কে কোনো খোঁজ পাওয়া যায়নি।
হেলিকপ্টারটি ১২জনকে বহন করছিল। তাদের মধ্যে অধিকাংশই দক্ষিণ কোরীয় নাগরিক। আকাশযানটিতে পেরুর দুইজন ক্রুও ছিল।
হেলিকপ্টারটির ভাগ্যে কী ঘটেছে তা জানতে পার্বত্য উদ্ধার সংস্থা ইতোমধ্যে তাদের তৎপরতা শুরু করেছে।
সম্ভাব্য দুর্ঘটনার বিষয়ে জানতে ইতোমধ্যে ওই অঞ্চলে পুলিশের একটি দল যাত্রা করেছে। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেন, “কুসকো অঞ্চলের জঙ্গলে ওই হেলিকপ্টারটি নিখোঁজ হয়ে থাকতে পারে বলে আমরা ইতোমধ্যে জানতে পেরেছি। এর পরিপ্রেক্ষিতে ওই অঞ্চলে অভিযান চালাচ্ছি।”
পেরুর রাজধানী লিমা থেকে বিবিসির সংবাদদাতা মাত্তিয়া কাবিতজা জানান, হেলিকপ্টারটি উচুঁ পার্বত্যাঞ্চলে নিখোঁজ হয়ে থাকতে পারে। ওগুলো সবসময়ই মেঘে ঢাকা থাকে বলে সব সময় সেগুলো দেখতে পাওয়া কঠিন হয়ে পড়ে।
প্রতিবছর হাজার হাজার পর্যটক কুসকো অঞ্চলে ১৫শ’ শতকের আশ্চর্যজনক ইনকা শহর মাচুপিচ্চু দেখতে আসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪০৪ ঘ.
bdnews24