২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে অস্ট্রেলিয়া

মিয়ানমারের ওপর থেকে অর্থনৈতিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে অস্ট্রেলিয়া। সেই সঙ্গে দেশটির গণতান্ত্রিক সংস্কারকে উৎসাহিত করতে সহায়তার পরিমাণ দ্বিগুণ করা হচ্ছে।।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2012, 05:27 AM

Updated : 24 Aug 2022, 11:30 AM

ক্যানবেরা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারের ওপর থেকে অর্থনৈতিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে অস্ট্রেলিয়া। সেই সঙ্গে দেশটির গণতান্ত্রিক সংস্কারকে উৎসাহিত করতে সহায়তার পরিমাণ দ্বিগুণ করা হচ্ছে।। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বব কার বৃহস্পতিবার এ কথা জানান। বিশ্বে মিয়ানমারকে সহায়তাকারী দ্বিতীয় বৃহত্তম দাতা দেশ অস্ট্রেলিয়া। দীর্ঘ সেনা শাসনের পর মিয়ানমারে গণতান্ত্রিক সংস্কারের অংশ হিসেবে দেশটিতে গত বছর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। গৃহবন্দী গণতন্ত্রপন্থী নেত্রী সুচিকেও মুক্তি দেওয়া হয়। সম্প্রতি উপনির্বাচনে অংশ নিয়ে জয়ীও হয়েছেন সুচি। বর্তমানে তার দল মিয়ানমারের সংসদে প্রধান বিরোধীদল হিসেবে অবস্থান করছে। দেশটিতে গণতান্ত্রিক সংস্কারের এসব উদ্যোগের প্রতি সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে অর্থনীতিসহ বেশ কিছু ক্ষেত্র থেকে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এরই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়াও মিয়ানমারের ওপর থেকে অর্থনৈতিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি কার্যকর হবে বলে জানা গেছে। বৃহস্পতিবার মিয়ানমার সফরকালে কার বলেন, “গত এক বছরে মিয়ানমার অনেক উন্নতি করেছে। তবে আরো অনেককিছু করার সুযোগ আছে, করতে হবে।” তিনি মিয়ানমারের জন্য ২০১৫ সালের মধ্যে অস্ট্রেলীয় সরকারের সহায়তার পরিমাণ ১০ কোটি অস্ট্রেলীয় ডলার সমপরিমাণ সহায়তার ঘোষণা দেন। এই সহায়তা পূর্ববর্তী সহায়তার দ্বিগুণ। সফরকালে কার মিয়ানমারের প্রেসিডেন্ট থিয়েন শিয়েন ও বিরোধীদলীয় নেতা অং সান সুচির সঙ্গে সাক্ষাৎ করেন। চলতিক বছরেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হগ এবং জাতিসংঘ মহাসচিব বান কি মুন মিয়ানমার সফর করে দেশটিতে গণতান্ত্রিক সংস্কারে সহায়তা দেওয়ার অঙ্গীকার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১২৫ ঘ.