মরোক্কো, জুন ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- স্পেন থেকে মরোক্কোয় পৌঁছেছে সৌরশক্তি চালিত বিমান। ২০১০ সালে একটানা ২৬ ঘন্টা উড়ে ইতিহাস গড়া এই বিমান এবার দ্বিতীয় অভিযান শেষ করল।
যাত্রা শুরু হয় মে মাসে সুইজারল্যান্ড থেকে। এরপর স্পেনের মাদ্রিদ থেকে ১৯ ঘন্টা উড়ে জিব্রাল্টার প্রণালী পেরিয়ে মরোক্কোর রাজধানী রাবাত এর আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার সন্ধ্যায় অবতরণ করে বিমানটি।
১২ হাজার সৌরকোষ চালিত বৈদ্যুতিক মোটরে চালানো হয়েছে জাম্বো জেট আকৃতির এই বিমান।
বিমানটি যে টেকসই আটলান্টিক পাড়ির এ যাত্রায় সফলতা তাইই প্রমাণ করেছে,” বলেন সুইস পাইলট আন্দ্রে বোর্সবার্গ।
সাংবাদিকদের তিনি বলেন, “বিমানটি এখন দিনে এবং রাতেও উড়তে পারবে। এ সক্ষমতা ইতোমধ্যেই প্রমাণ হয়েছে। এ প্রযুক্তিতে আমরা বিশ্বাস রাখতে পারি।”
পরবর্তীতে আরো উন্নত সৌরশক্তির বিমান নিয়ে ২০১৪ সালে বিশ্ব ভ্রমণে বের হতে চান আয়োজকরা।
তারই প্রস্তুতি হিসাবে পরীক্ষামূলক এ বিমান যাত্রায় বেরিয়েছিলেন পাইলট বাট্রাণ্ড পিকার্ড। তিনি পাড়ি দিয়েছেন প্রায় আড়াই হাজার কিলোমিটার আকাশপথ।
সৌরশক্তির এই বিমান প্রকল্প ২০০৩ সালে চালু করেন সুইস পাইলট বাট্রান্ড পিকার্ড এবং আন্দ্রে বোর্সবার্গ। আটলান্টিকের অপর পারে বিমানটির প্রথম যাত্রায় এই দুজনই মে মাসের শেষ দিকে সুইজারল্যান্ড থেকে মাদ্রিদে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৫০৩ঘ.
bdnews24