২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘পরমাণু অধিকার’ ঠিক থাকলে আলোচনায় আশাবাদী ইরান

বিশ্বের শক্তিধর দেশগুলো ইরানের ‘পরমাণু অধিকার’কে স্বীকৃতি দিলে এ মাসের শেষদিকে পরমাণু কর্মসূচি নিয়ে ছয়জাতি আলোচনায় তেহরান আশাবাদী বলে জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2012, 07:41 AM

Updated : 24 Aug 2022, 11:29 AM

ভিয়েনা, জুন ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বের শক্তিধর দেশগুলো ইরানের ‘পরমাণু অধিকার’কে স্বীকৃতি দিলে এ মাসের শেষদিকে পরমাণু কর্মসূচি নিয়ে ছয়জাতি আলোচনায় তেহরান আশাবাদী বলে জানিয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির এক উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে ইরনা বার্তা সংস্থা বলেছে, ইরানের পরমাণু কর্মসূচির পরিপূর্ণ অধিকারকে ছয় বিশ্বশক্তি পরমাণু অস্ত্র বিস্তার রোধ (এনপিটি) চুক্তির আওতায় স্বীকৃতি দেবে এবং একপেশে অবস্থান থেকে সরে আসবে বলেই খামেনি আশা করেন। তেহরানের ভাষ্য, এনপিটি চুক্তি স্বাক্ষরকারী দেশ হিসাবে তাদের পরমাণু জ্বালানি তৈরির পরিপূর্ণ অধিকার আছে। এ অধিকার স্বীকৃতি পেলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫ সদস্যদেশ ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন, যুক্তরষ্ট্র এবং জার্মানির সঙ্গে পরমাণু আলোচনা সার্থক হতে পারে। কিন্ত ওয়াশিংটন আগে ইরানকে তাদের পরমাণু কর্মসূচি আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ করা এবং জাতিসংঘ পরিদর্শকদের ইরানের একটি সামরিক স্থপনায় প্রবেশাধিকার দেওয়ার দাবি জানিয়ে আসছে। ইরানের ওই সামরিক স্থাপনায় পরমাণু অস্ত্র সম্পর্কিত গবেষণা চলছে বলেই পশ্চিমাদের ধারণা। ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে প্রশ্নের কারণে কয়েক বছর ধরে জাতিসংঘ নিষেধাজ্ঞার অধীনে আছে। পরমাণু বোমা বানানোর উদ্দেশ্যেই ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করছে বলে পশ্চিমাদের ধারণা। কিন্তু ইরান বরাবরই এ কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত বলে দাবি করে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৫৮ঘ.