২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় পশ্চিমা রাষ্ট্রদূতদের অবাঞ্ছিত ঘোষণা

পশ্চিমা কয়েকটি দেশের রাষ্ট্রদূতদের অবাঞ্ছিত ঘোষণা করেছে সিরিয়া। বিশ্বব্যাপী বিভিন্ন দেশ শীর্ষ সিরীয় কূটনীতিকদের বাহিষ্কার করার এক সপ্তাহ পর দামেস্ক এ পদক্ষেপ নিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2012, 01:42 PM

Updated : 24 Aug 2022, 11:29 AM

বৈরুত, জুন ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- পশ্চিমা কয়েকটি দেশের রাষ্ট্রদূতদের অবাঞ্ছিত ঘোষণা করেছে সিরিয়া। বিশ্বব্যাপী বিভিন্ন দেশ শীর্ষ সিরীয় কূটনীতিকদের বাহিষ্কার করার এক সপ্তাহ পর দামেস্ক এ পদক্ষেপ নিল। সিরিয়ায় হউলা হত্যাকাণ্ডের প্রতিবাদে গত সপ্তাহে বিশ্বের অন্তত ১৩ টি দেশ সিরীয় কূটনীতিকদের বহিষ্কার করে। তুরস্ক বহিষ্কার করে সিরিয়া দূতাবাসের সব কর্মীকে। এরই পাল্টা প্রতিক্রিয়ায় মঙ্গলবার সিরিয়া সরকার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, ফ্রান্স, ইতালি, স্পেন, বেলজিয়াম, বুলগেরিয়া, জার্মানি ও কানাডার ১৭ কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করেছে বলে জানিয়েছে বিবিসি। অবাঞ্ছিত ঘোষিত হয়েছে তুরস্কের সব কূটনীতিকও। এদের অনেকেই ইতোমধ্যে সিরিয়া ছেড়েছে। আবার অনেক দেশই আগেভাগেই সিরিয়ার নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় তাদের দূতদের সেদেশ থেকে সরিয়ে নিয়েছে। অক্টোবরে নিরাপত্তাহীনতার কারণে যুক্তরাষ্ট্র সিরিয়া থেকে তাদের রাষ্ট্রদূত রবার্ট ফোর্ডকে দেশে ফিরিয়ে নেয়। মার্চে নিরাপত্তহীনতার কারণে যুক্তরাজ্যও সিরিয়ার দূতাবাস থেকে স্টাফদের সরিয়ে নেয়। একইসময়ে ফ্রান্সও সিরিয়ায় তাদের দূতাবাস বন্ধ করে দেয়। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ রোববার পার্লামেন্টের ভাষণে দেশের সঙ্কটের জন্য বিদেশি শক্তিকে দায়ী করেন। হউলা হত্যাকাণ্ডের পর প্রথম প্রকাশ্য এ ভাষণে আসাদ এ ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করে ‘সন্ত্রাসী গোষ্ঠীর’ ওপর এর দায় চাপান। সিরিয়ায় বিদেশি হস্তক্ষেপের অভিযোগ করে তিনি বলেন, অভ্যন্তরীণ সঙ্কট নয় বরং বাইরে থেকে পরিচালিত যুদ্ধের মোকাবেলা করছে তার দেশ। তার এ ভাষণের পরই কূটনীতিকরা অবাঞ্ছিত হওয়ার এ খবর এল। তবে সিরিয়ার সহিংসতা বিক্ষুব্ধ ৪ প্রদেশে ত্রাণ সংস্থাগুলোর প্রবেশে দামেস্ক সরকার কোনো বাধা আরোপ করেনি বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মানবিক ত্রাণ সমন্বয় কার্যালয়ের পরিচালক জন গিং জানান, সিরিয়ায় চলাফেরা এবং মানবিক ত্রাণ কাজের জন্য অবাধ প্রবেশাধিকার দিতে চুক্তিবদ্ধ হয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, সিরিয়ায় ১০ লাখ মানুষের সাহায্য দরকার। এ সংখ্যা আরো বাড়তে পারে বলেও জাতিসংঘ আশঙ্কা প্রকাশ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৯২৭ঘ.