লিবিয়া, জুন ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিলিশিয়াদের সঙ্গে তুমুল লড়াইয়ের পর সোমবার রাজধানী ত্রিপোলির আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ পুনরায় করায়ত্ব করেছে লিবিয়ার অন্তর্র্বতী কর্তৃপক্ষ।
আল আফিয়া ব্রিগেডের সশস্ত্র মিলিশিয়ারা তাদের কমান্ডার অপহরণের প্রতিবাদে বিমানবন্দর দখল করে সেখানকার সব কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছিল।
নেতার মুক্তি না হওয়া পর্যন্ত তারা বিমানবন্দর ছেড়ে যেতে অস্বীকৃতি জানায়।
তবে আল আফিয়া কামান্ডার অপহৃত হয়েছেন নাকি তাকে জিজ্ঞাসাবাদের জন্য সরকার আটকে রেখেছে তা পরিস্কার জানা যায়নি।
লিবিয়ার রাজধানীর দক্ষিণ পশ্চিমে তারাউনা শহরে মিলিশিয়া ব্রিগেড আল আফিয়ার কমান্ডার দুদিন আগে হঠাৎই নিখোঁজ হয়ে যান। মিলিশিয়াদের সন্দেহ সরকার তাকে অপহরণ করে আটকে রেখেছে।
আর তাই তার মুক্তির দাবিতে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে মিলিশিয়ারা বিমানবন্দরে অবস্থান নেয় বলে ধারণা করা হচ্ছে।
ভারী অস্ত্র সজ্জিত মিলিশিয়ারা এ সময় বিমানবন্দরের বিভিন্ন স্থানে গুলিবর্ষণ করে এবং ফ্লাইট চলাচলে বাধা দেয়।
তাদের সঙ্গে সরকারের মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ হওয়ার পর সরকারের অনুগত বাহিনী লড়াই করে বিমানবন্দর পুনর্দখল করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৭১১ঘ.
bdnews24