২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীন সফরে পুতিন

তিনদিনের এক সফরে মঙ্গলবার চীনে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। এ সফরে জ্বালানি ও পররাষ্ট্র বিষয়ক ইস্যু প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2012, 08:33 AM

Updated : 24 Aug 2022, 11:29 AM

ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিনদিনের এক সফরে মঙ্গলবার চীনে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। এ সফরে জ্বালানি ও পররাষ্ট্র বিষয়ক ইস্যু প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে। বিবিসি জানিয়েছে, চীনের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার আগে পুতিন বলেছেন, গত বছর ৮৪ বিলিয়ন ডলারে পৌঁছানো চীন-রাশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার করতে চান তিনি। সফরে পক্ষ দুটির মধ্যে সিরিয়ার সঙ্কট নিয়েও আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। সিরিয়ার অস্থিরতা অবসানে ক্ষমতা থেকে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সরানোর পশ্চিমা চেষ্টা প্রতিরোধ করে যাচ্ছে এই দেশ দুটি। মঙ্গলবার চীনা প্রেসিডেন্ট হু জিনতাওয়ের সঙ্গে পুতিনের এক অন্তরঙ্গ বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে। এ সময় দুই প্রভাবশালী দেশের প্রেসিডেন্ট বিভিন্ন ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করবেন বলে বিশ্লেষকদের ধারণা। চীনে পুতিনের সফরসঙ্গী হিসেবে রাশিয়ার ছয়জন মন্ত্রী, বহুজাতিক গ্যাস কোম্পানি গ্যাজপ্রম’র প্রধানসহ কয়েকটি জ্বালানি কোম্পানির শীর্ষ কর্মকর্তারা রয়েছেন। পুতিনের সফর সঙ্গীরা জানিয়েছেন, বেইজিংয়ে রাশিয়া ও চীনের মধ্যে ১৭টি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও ব্যবসায়িক চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। তবে চুক্তিগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে আলোচিত চীনকে ৭০ বিলিয়ন ঘনফুট রাশিয়ান গ্যাস দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত আছে কিনা তা জানা যায়নি। রাশিয়া বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি উৎপাদক দেশ, আর চীন সর্ববৃহৎ জ্বালানি ব্যবহারকারী। সফর শুরুর প্রাক্কালে পুতিন চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানান, ২০১৫ সালের মধ্যে চীন-রাশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য তিনি ১০০ বিলিয়ন ডলার পর্যন্ত নিয়ে যেতে চান আর ২০২০ সালে তা ২০০ বিলিয়ন ডলারে পরিণত করতে চান। এই লক্ষ্য সময়ের আগেই পূরণ হবে বলে এসময় আশা প্রকাশ করেন পুতিন। বুধাবার চীনের দ্বিতীয় শীর্ষ নেতা লি কেকুয়াঙ এর সঙ্গে সাক্ষাৎ করবেন পুতিন। লে’র দেশটির পরবর্তী শীর্ষ নেতা হওয়ার কথা রয়েছে। একইদিন পুতিন চীনের আগামী প্রেসিডেন্ট জি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। চলতি বছরের শেষ নাগাদ চীনের প্রেসিডেন্ট হবেন জিনপিং। বৃহস্পতিবার চীনে অনুষ্ঠিতব্য একটি আঞ্চলিক শীর্ষ নিরাপত্তা সম্মেলনে যোগ দেবেন রাশিয়ার প্রেসিডেন্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪২৯ ঘ.