ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ষাটের দশকের সাড়া জাগানো আবেদনময়ী হলিউড অভিনেত্রী মেরিলিন মনরোর কিছু নগ্ন ছবি প্রকাশ করা হয়েছে। ছবিগুলো ৫০ বছর আগে তোলা হয়েছিল।
মঙ্গলবার সান অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ১৯৬২ সালের ২৩ মে হলিউডের ফক্সফিল্ম স্টুডিওতে ‘সামথিং গট টু গিভ’ চলচ্চিত্রের শুটিং সেটের একটি সুইমিং পুলে নগ্ন মনরোকে ক্যামেরাবন্দী করেন চিত্রগ্রাহক লরেন্স শিলার।
সানের প্রতিবেদনটিতে ছবির বর্ণনায় বলা হয়, নগ্ন বক্ষ দুই হাতে ঢেকে ক্যামেরার লেন্সে যৌনআবেদনময় দৃষ্টি নিবদ্ধ করে ছবিতে পোজ দেন সর্বকালের অন্যতম সেরা সেলুলয়েড তারকা মনরো।
মনরোর সব ছবি কখনোই প্রকাশ করেননি শিলার। সম্প্রতি তার লেখা একটি বই ‘মেরিলিন এবং আমি’তে মনরোর বেশকিছু ছবি প্রকাশ করেন।
এ প্রসঙ্গে ৭৫ বছর বয়সী শিলার বলেন, “ছবিটি দেখলেই আপনার মনে হবে আসল মনরোই আপনাকে উত্তেজিত করছেন তবে কিছুটা রহস্য রয়ে গেছে এতে।”
‘সামথিং গট টু গিভ’ চলচ্চিত্রটির কাজ থেকে মনরোকে অব্যাহতি দেওয়ায় তা আর আলোর মুখ দেখেনি।
১৯৬২ সালের জুন মাসে লস এঞ্জেলেসের বাড়ি থেকে মনরোর মৃতদেহ উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরআরডি/সিআর/১৪১৩ ঘ.
bdnews24